home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


৪০০ পরিবারের বাজার খরচের দায়িত্ব নিলেন রাশমিকা!

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ২০:১২

Facebook
Twitter

৪০০ পরিবারের বাজার খরচের দায়িত্ব নিলেন রাশমিকা!

মানবিক উদ্যোগে আবারও নজর কাড়লেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ৪০০ পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় বাজারের খরচ বহনের ঘোষণা দিয়েছেন তিনি।

তিন মাস করে ধাপে ধাপে এসব পরিবারের পাশে দাঁড়াবেন এই অভিনেত্রী। তার আশা, এই উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়ে ভক্তরাও সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই উদ্যোগের কথা জানান রাশমিকা। এত দিন এমন মানবিক কাজের কথা প্রকাশ্যে আনতেন না তিনি। তবে এবার বিষয়টি সামনে এনেছেন অন্যদের উৎসাহিত করার আশায়।

বর্তমানে ‘রানাবলী’ সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন রাশমিকা। এই সিনেমায় তার অভিনীত জয়াম্মা চরিত্রটির সঙ্গে নিজের ব্যক্তিত্বের মিল খুঁজে পান অভিনেত্রী। বিশেষ করে মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছার জায়গায় দুজনের মিল রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে রাশমিকা লেখেন, ‘আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল আছে কি না। আমার উত্তর, হ্যাঁ। আর এটিও তেমনই একটি মিল। আমি সব সময় এমনই ছিলাম, জয়াম্মাও এমন।’

এত দিন নিজের মানবিক উদ্যোগগুলো গোপন রাখার কারণও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। তিনি বলেন, মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসার প্রতিদান হিসেবে নিয়মিত এমন কাজ করতেন তিনি। তবে বিষয়গুলো নিজের ও টিমের কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ রাখতেন। এবার প্রকাশ্যে আনার উদ্দেশ্য একটাই, তার কাজ দেখে যদি অন্যরাও কাউকে সাহায্য করতে অনুপ্রাণিত হন, সেটিই হবে তার প্রাপ্তি।

রাশমিকা জানান, প্রাথমিকভাবে ৪০০টি পরিবারকে সহায়তার আওতায় এনেছেন তিনি। প্রতি তিন মাসে এসব পরিবারের বাজার খরচ বহন করা হবে এবং আগামী এক বছর ধরে এই উদ্যোগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। এতে পরিবারগুলো নিত্যপ্রয়োজনীয় পণ্যের পেছনে যে অর্থ ব্যয় করত, তা সঞ্চয় করে ভবিষ্যৎ পরিকল্পনায় কাজে লাগাতে পারবে বলে আশা করছেন অভিনেত্রী।

ভক্তদের উদ্দেশে রাশমিকা লিখেছেন, ‘ছোট্ট একটি ভালো কাজও কারও জীবন বদলে দিতে পারে। এর জন্য বড় কিছু করার প্রয়োজন নেই। চলুন, আমরা সবাই ছোট কিছু দিয়ে শুরু করি।’

কর্মজীবনে নানা চ্যালেঞ্জ, শারীরিক আঘাত, কষ্ট ও নির্ঘুম রাতের অভিজ্ঞতার কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, পরিবারগুলোর মুখের হাসি তার কাছে অমূল্য। এই হাসির জন্যই এত দিনের সংগ্রাম সার্থক বলে মনে করেন তিনি। উদ্যোগের অংশ হিসেবে কোন কোন নিত্যপ্রয়োজনীয় পণ্য সহায়তা হিসেবে দেওয়া হবে, তার একটি তালিকাও প্রকাশ করেছেন রাশমিকা।

এদিকে রাহুল সংকৃত্যায়ন পরিচালিত ‘রানাবলী’ সিনেমায় দেখা যাবে রাশমিকাকে। এতে তার সহশিল্পী অভিনেতা বিজয় দেবরাকোন্ডা, যিনি রাশমিকার স্বামীও। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর পর এটি তাদের তৃতীয় একসঙ্গে কাজ করা সিনেমা।

১৮৭৬ থেকে ১৮৭৮ সালের গ্রেট মাদ্রাজ দুর্ভিক্ষের পটভূমিতে নির্মিত সিনেমাটি মুক্তি পাবে ১৬ অক্টোবর। এর এক দিন আগে, ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’-এর।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।