.webp)

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি রিনা মুরমু ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ আজ এক যৌথ বিবৃতিতে পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামির বাধা সৃষ্টি, কবর খুঁড়ে রাখার পর তা ভরাট করে দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং প্রশাসনের নির্বিকার ভূমিকায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।
নেতৃবৃন্দ বলেন, একজন মুক্তিযোদ্ধার শেষ বিদায়ও যদি রাজনৈতিক বিরোধ ও প্রভাব বিস্তারের অভিযোগে বাধাগ্রস্ত হয়, তবে তা শুধু একটি পরিবারের প্রতি অবিচার নয়—মুক্তিযুদ্ধের ইতিহাস, মানবিক মর্যাদা ও নাগরিক অধিকারের উপরও আঘাত।
জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে মানিক পশারীর ভূমিকা ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহের ঐতিহাসিক প্রেক্ষাপট এ ঘটনার রাজনৈতিক তাৎপর্যকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার এ দেশের মানুষের দীর্ঘদিনের ন্যায়বিচারের আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত। সেই বিচারপ্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।
এ ঘটনায় জেলা প্রশাসনের ভূমিকা নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে। পরিবারের অভিযোগ অনুযায়ী, মরদেহ দাফন নিয়ে দীর্ঘ সময় অনিশ্চয়তা তৈরি হলেও যথাসময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বিঘ্নে শেষকৃত্য সম্পন্ন করার নিশ্চয়তা দেওয়া যায়নি। রাষ্ট্রীয় সম্মান প্রদানের অনুষ্ঠানও নির্ধারিত স্থানে আয়োজন করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তায় গার্ড অব অনার ও দাফন সম্পন্ন হলেও, প্রথম দফায় কবর ভরাট করে দেওয়ার অভিযোগের পর জেলা প্রশাসন কী পদক্ষেপ নিয়েছে, তা জনসমক্ষে স্পষ্ট করা প্রয়োজন।
আমরা প্রশ্ন তুলতে চাই—একজন মুক্তিযোদ্ধার মরদেহ দাফন নিয়ে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরও প্রশাসন কেন শুরুতেই কার্যকর ব্যবস্থা নিতে পারল না?
আমরা মনে করি, মুক্তিযুদ্ধের ইতিহাস ও যুদ্ধাপরাধের বিচারের প্রশ্নে রাজনৈতিক অবস্থান যা-ই হোক, একজন মানুষের মরদেহের প্রতি সম্মান প্রদর্শন এবং পরিবারের ধর্মীয় ও সামাজিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। রাজনৈতিক প্রভাব বিস্তার, ভয়ভীতি কিংবা প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে এই অধিকার ক্ষুণ্ন হলে তার জবাবদিহি নিশ্চিত করতে হবে।
আমরা মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে যারা বাধা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জেলা প্রশাসনের ভূমিকা খতিয়ে দেখে প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে মানিক পশারীর পরিবারের নিরাপত্তা ও যথাযথ মর্যাদা নিশ্চিত করার দাবি জানাই।
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।