home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গাইবান্ধায় আবারও কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৮

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৯

Facebook
Twitter

গাইবান্ধায় আবারও কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ৮

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচদিনের ব্যবধানে ফের তাণ্ডব চালিয়েছে একটি কুকুর। একটি কুকুরের কামড়ে শিশুসহ আটজন আহত হয়েছেন। এ ঘটনায় দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়েছে। পরে এলাকাবাসী কুকুরটিকে মেরে ফেলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- বামনডাঙ্গা ইউনিয়নের জামাল গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে আব্দুল হান্নান (৫০) ও তোফাজ্জল হোসেন (৭০), মৃত রয়েজ উদ্দিনের ছেলে ছবির মিয়া (৫৫), দেওডোবা গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহাগ মিয়া (৪) ও একই গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে আতোয়ার রহমান (৫০), মনিরাম গ্রামের সফিয়াল মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৫) ও মৃত মোজাহারের ছেলে রুবেল মিয়া (৩০) এবং পাশের রংপুরের পীরগাছা উপজেলার মকরমপুর গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে হাসান আলী (৬০)।

এর আগে গত ২০ আগস্ট একই উপজেলার বেলকা ইউনিয়নের দুটি গ্রামে শিয়ালের আক্রমণের শিকার হয়ে আহত রয়েছেন শিশু ও নারীসহ নয়জন। এছাড়া পরদিন ২১ সেপ্টেম্বর সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনি গ্রামে কুকুরের কামড়ে নিহত হয়েছে সাত বছরের একটি শিশু ও আহত হয়েছে এক যুবক।

স্থানীয়রা জানান, শনিবার সকালের দিকে ইছলার বাজারের নৈশপ্রহরী হাসান আলী ডিউটি শেষে বাড়ি ফেরার পথে কুকুরটির হামলার শিকার হন। এর প্রায় আধা ঘণ্টা পর, পরে দুপুরের খাবারের দিকে জামালহাট গ্রামে ঢুকে একে একে চারজনকে কামড়ে আহত করে কুকুরটি।

স্থানীয়রা আরও জানান, মানুষের ওপর হামলার পাশাপাশি কুকুরটি দুটি গরু ও চারটি ছাগলকেও কামড়েছে। হামলার পর কুকুরটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী কুকুরটিকে ধরে মেরে ফেলেন।

আহতদের মধ্যে আব্দুল হান্নানের গলায়, তোফাজ্জল হোসেনের দুই হাতে, ছবির মিয়ার শরীরে এবং শিশু সোহাগ মিয়ার শরীরের বিভিন্নস্থানে কামড়ের আঘাত রয়েছে। এরপর সকাল সাড়ে ৯টার দিকে মনিরাম গ্রামের গাজীর মোড় এলাকায় আরও তিনজনকে কামড়ায় কুকুরটি। তাদের মধ্যে আতোয়ার রহমানের মুখ ও পায়ে, জহুরুল ইসলামের বাম হাতে এবং রুবেল মিয়ার ডান হাতে কামড়ের আঘাত রয়েছে।

জামালহাট গ্রামের আহত চারজন পাশের পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসা শেষে তাদের রংপুরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে মনিরাম ও দেওডোবা গ্রামের আহতরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন, কুকুরের কামড়ে শিশুসহ আটজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন পাশের পীরগাছা উপজেলার মকরমপুর গ্রামের বাসিন্দা। ইতোমধ্যে ঘটনাস্থলে প্রাণিসম্পদ দপ্তরের লোকজন কাজ করছেন।

ঘটনাস্থলে থাকা সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বামনডাঙ্গা ইউনিয়নের দেওডোবা ও জামালহাট এলাকার একটি অসুস্থ কুকুর গরু ও ছাগলসহ কয়েকজন মানুষকে আক্রমণ করেছে। অসুস্থ গরু ও ছাগলগুলোকে প্রাথমিক চিকিৎসা ও টিকার আওতায় নেওয়া হয়েছে। অসুস্থ কুকুরটির নমুনা সংগ্রহ করে কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়েছে। পরবর্তী রিপোর্ট এলে বিষয়টি জানা যাবে। পরে মৃত কুকুরটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আক্রান্ত মানুষরা হাসপাতালে চিকিৎসা ও টিকা নিয়েছেন। বিষয়টি মনিটরিংয়ের মধ্যে রাখা হয়েছে এবং তারা সার্বক্ষণিক কাজ করছেন।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা চারজনকে প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।