home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কারাগারে অসুস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসপাতালে মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জকলম২৪.কম

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১১

Facebook
Twitter

কারাগারে অসুস্থ স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসপাতালে মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক যুগ্ম আহ্বায়ক খাইরুল আমিন রুহুল সরকার (৫০)। তার পরিবারের অভিযোগ, শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ না পাওয়ায় তার মৃত্যু হয়েছে। তবে কারা কর্তৃপক্ষ বলছে, হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ার পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল।

শনিবার রাত সাড়ে ৩ টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাইরুল আমিন মারা যান।

তার বড় ভাই নুরুল আমিন জানান, আগে থেকেই মাঝেমধ্যে বুকে ব্যথায় ভুগতেন খাইরুল। কারাগারে গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। গত দুই দিন তার শারীরিক অবস্থার অবনতি হলেও সময়মতো তিনি প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পাননি।

তিনি আরও বলেন, অবস্থার অবনতি হলে শনিবার তাকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়ায় কয়েক ঘণ্টা বিলম্ব হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে খাইরুলের মৃত্যু হয়।

নুরুল আমিনের দাবি, সময়মতো চিকিৎসা পেলে তার ভাইকে বাঁচানো সম্ভব ছিল। তিনি জানান, গত সাত-আট বছর ধরে রুহুল সরকার সক্রিয় রাজনীতিতে ছিলেন না। সম্প্রতি ওমরাহ পালন শেষে দেশে ফেরার পর তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ওমরাহ শেষে দেশে ফেরার কয়েক দিনের মধ্যে গত ৮ সেপ্টেম্বর কটিয়াদী মডেল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

কিশোরগঞ্জ জেলা কারাগারের ডেপুটি জেলার সেলিনা আক্তার রেখা বলেন, শ্বাসকষ্ট দেখা দেওয়ায় প্রথমে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে পুলিশি ব্যবস্থাপনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আবারও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের অসুস্থতার অভিযোগ প্রসঙ্গে ডেপুটি জেলার বলেন, ‘কারাগার কর্তৃপক্ষ আগে থেকে তার অসুস্থতার বিষয়ে অবগত ছিল না। মৃত্যুর আগে হঠাৎ করেই তার শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করলে ১০ মিনিটের মধ্যে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।’

সূত্র : টাইমস অব বাংলাদেশ



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।