_copy7.webp)

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন আজ। দেশের শীর্ষ নির্বাহী পদে আসীন হওয়ার পর এটিই তার প্রথম জন্মদিন, যা ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তবে গত বছরের মতো এবারও কোনো ধরনের অনুষ্ঠান বা উৎসব না করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া রয়েছে। যদিও ওই নির্দেশনার বাইরে দিবসটি পালনে বিভিন্ন পর্যায়ে সামাজিক ও ধর্মীয়ভাবে উদ্যোগ নিয়েছেন দলের নেতাকর্মীরা। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে ২০ টাকা প্রতীকী মূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মাধ্যমে বিশেষ ‘বই উৎসব’-এর আয়োজন করা হয়েছে। দল সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের-(ড্যাব) উদ্যোগে রাজধানীর মগবাজারের জামিয়া ইসলামিয়া দারুল উলুম দিলুরোড মাদরাসায় কুরআন খতম, দোয়া মাহফিল এবং মাদরাসা ছাত্রদের স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তারেক রহমান ১৯৬৮ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। তার ডাকনাম ‘পিনো’। তারেক রহমান মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই তিনি রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সহচর হিসাবে সারা দেশে নির্বাচনি প্রচারে অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমান দেশব্যাপী নির্বাচনি প্রচার চালান। এই নির্বাচনি প্রচারের অংশগ্রহণের মাধ্যমে রাজনীতির প্রথম সারিতে তার সক্রিয় আগমন ঘটে। ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। এরপরই দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যাপক গণসংযোগ শুরু করেন। মূল সংগঠনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তৃণমূল সভা আয়োজন করেন। মূলত এই জনসংযোগ কার্যক্রমের ফলে দলের নেতাকর্মীদের তরুণ অংশটির মাঝে তারেক রহমান শুধু প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচিতি থেকে বেরিয়ে এসে দলের একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন।
তবে ওইসময়ে তার বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন অপপ্রচারের সুদূরপ্রসারী ফলস্বরূপ ওয়ান-ইলেভেন সরকারের সময়ে তাকে কারাগারে যেতে হয়, নির্যাতনের শিকার হতে হয়। একপর্যায়ে চিকিৎসার জন্য তাকে লন্ডনেও যেতে হয়। সেখান থেকেই ধীরে ধীরে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত হতে থাকেন। দলের তৃণমূল নেতাকর্মীদের মাঝেও আস্থার প্রতীক হয়ে ওঠেন তারেক রহমান। তবে সেখানেও বাধার সম্মুখীন হতে হয়। আওয়ামী লীগ সরকার উচ্চ আদালতের মাধ্যমে এক আদেশে তার বক্তব্য-বিবৃতিও প্রচারে নিষেধাজ্ঞা জারি করে। যা গত বছরের ৫ আগস্ট পটপরিবর্তনের আগ পর্যন্ত ছিল।
২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে এবং ২০১৬ সালে ষষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকেই দায়িত্ব পালন করেন তিনি।
২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার দল বিজয় অর্জন করে। অতঃপর ১৭ ফেব্রুয়ারি তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এবং বর্তমানে বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৬ সালের এপ্রিলে তিনি টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ১০০ জন ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত হন।
জাতীয় নিয়ে আরও পড়ুন




.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।