home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না : শফিকুর রহমান

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ১৬:৩৩

Facebook
Twitter

শেখ হাসিনা এত শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না : শফিকুর রহমান

ভারতে পালিয়ে গিয়েও শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আওয়ামী লীগকে শক্তিশালী দল হিসেবে দাবি করার সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, দলটি এত শক্তিশালী হলে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হতো না।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘ভারতে পালিয়ে গিয়েও দেশের মানুষকে এখনো কষ্ট দিচ্ছে ফ্যাসিস্ট হাসিনা। যদি আওয়ামী লীগ এতই শক্তিশালী হতো, তাহলে দেশ ছেড়ে পালিয়ে যেত না।’

সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ফ্যাসিবাদ নামক ভাইরাসের অনেক লক্ষণ থাকলেও সরকারকে এখনই ফ্যাসিস্ট বলতে চান না তারা। তবে জাতির সামনে প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ এবং জুলাই সনদ না মেনে সরকার প্রতারণা করেছে বলে অভিযোগ করেন তিনি।

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হচ্ছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, যারা জুলাইয়ে রক্ত দিয়েছেন, তারা নতুন কাউকে ফ্যাসিবাদী হতে দেবেন না।

শিক্ষাক্ষেত্রে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্কুল-কলেজের পরিচালনা কমিটিতে সন্ত্রাসীদের দায়িত্ব দেওয়া হচ্ছে। মেধাবী শিক্ষকদের উপেক্ষা করে দলীয় শিক্ষকদের প্রাধান্য দেওয়া হচ্ছে। জোর করে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তিনি।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘সামনে স্থানীয় নির্বাচন, এই নির্বাচনে আমরা আর কোনো ভোট ডাকাত, দুর্নীতিবাজদের ছাড় দেব না। কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না, কোনো অন্যায় সহ্য করব না।’

একই সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বর্তমান সরকার তরুণদের চাঁদাবাজি ও দখলদারিত্বের দিকে ঠেলে দিয়ে সংকট তৈরি করছে। তিনি বলেন, চাঁদাবাজি, মাস্তানি, খুন ও ধর্ষণের মতো অপরাধের মধ্যে তরুণদের ঠেলে দেওয়া হচ্ছে।

জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার আবার একদলীয় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার দিকে এগোচ্ছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তার ভাষ্য, দ্বিচারিতায় জড়িত কোনো সরকারের পক্ষে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়।

বিবিসি বাংলায় শেখ হাসিনাকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টার নিয়ে যেতে হবে’—এ কথা বলার কোনো অধিকার ভারতের নেই।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।