home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে কৃষকের বাড়ি দখলের অভিযোগ, থানায় মামলা

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৪ নভেম্বর ২০২৬, ২০:০৯

Facebook
Twitter

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে কৃষকের বাড়ি দখলের অভিযোগ, থানায় মামলা

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম ওরফে টমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা হয়েছে। বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করেন স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)। মামলায় আবদুল হালিমকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দৌলতপুর থানায় মামলাটি করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা কৃষক ইদ্রিস আলী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাই মাহফুজুর রহমান ও মনজুর মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিলমূলে কেনেন ইদ্রিস আলী। পরে জমির দখল বুঝে নিয়ে সেখানে বসতবাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। তবে ওই জমি জবরদখলের পরিকল্পনা করেন আবদুল হালিম।

এজাহারে অভিযোগ করা হয়, গত বছরের ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে আবদুল হালিম ও অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় আবদুল হালিমের নির্দেশে সহযোগীরা বাড়ির বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন। এতে আনুমানিক আড়াই লাখ টাকার ক্ষতি হয়।

অভিযোগে আরও বলা হয়, ইদ্রিস আলী ও তার স্ত্রী বাধা দিতে গেলে তাদের লাঠি দিয়ে মারধর করা হয়। এতে শরীরের বিভিন্ন স্থানে জখম হন তারা। এ ছাড়া বসতঘর থেকে তিনটি খাট ও ১০ বান টিন, যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা, নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে জমির আশপাশে গেলে পরিবারের সদস্যদের হত্যা ও গুমের হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে ইদ্রিস আলী আরও অভিযোগ করেন, ঘটনার পর আবদুল হালিম তার বিরুদ্ধে পাল্টা মামলা করেন। ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়। জামিনে মুক্ত হওয়ার পর তিনি জানতে পারেন, আবদুল হালিম ও তার মেয়ে নুসরাত তাবাসসুম জ্যোতি জমিটি দখলে নিয়েছেন। প্রাণনাশের আশঙ্কায় তিনি পরিবারসহ এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন বলেও এজাহারে উল্লেখ করেছেন।

এজাহারে আরও বলা হয়, ১২ নভেম্বর এমপি নূসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় ইদ্রিস আলী ও তার পরিবারের সদস্যদের মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলেও তিনি জানতে পারেন। এ কারণে আতঙ্কিত হয়ে তিনি থানায় এজাহার দিয়েছেন। ভয়ভীতি ও নিরাপত্তাহীনতার কারণে এত দিন (হামলার ঘটনায়) মামলা করতে পারেননি বলে এজাহারে উল্লেখ করেন ইদ্রিস আলী।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।