.webp)

মাদকবিরোধী অভিযানে নিজের ভূমিকা নিয়ে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মাদকের মতো গভীর সামাজিক সংকটকে উপেক্ষা করে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খোঁজার পরামর্শ দেওয়ায় ‘নতুন বন্দোবস্ত’ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন উল্লেখ করেন, নাহিদ ইসলামকে তিনি ‘নতুন বন্দোবস্তের ধারক’ মনে করতেন। কিন্তু মাদকের ভয়াবহ মহামারী ও প্রতিকার নিয়ে কথা না বলে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ খোঁজার নির্দেশ দেওয়ায় তিনি হতাশ।
ইশরাক হোসেন বলেন, "মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে! আগে মাদকের ইস্যুটা সমাধান করলে ভালো হতো না? তারপরে না হয় আমাকে ফাঁসি দিতেন।"
তরুণ প্রজন্ম ও ‘জেন-জি’র উদ্দেশে তিনি বলেন, "দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।"
সম্প্রতি পরিচালিত মাদকবিরোধী অভিযানের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে সাথে নিয়েই তিনি এলাকায় অভিযানে গিয়েছিলেন। তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, "মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে—তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সাথে নিয়ে যাওয়ার পর! নাহিদকে বলবো, কোনো ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে আমার নামে একটা মামলা করে দেন। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো।"
নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিদারদের ভবিষ্যৎ শূন্য উল্লেখ করে বিএনপি এই নেতা হুঁশিয়ারি দেন যে, প্রচলিত বা দুর্বল পদ্ধতিতে মাদক নির্মূল করা সম্ভব নয়। বড় মাদক ডিলার ও কারবারিদের প্রতি কঠোর বার্তা দিয়ে তিনি লেখেন, "অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর, তেমন মুগুর—শীঘ্রই আসিতেছে। বড় ডিলার ও বিক্রেতারা অপেক্ষা কর।"
সম্প্রতি রাজধানীর গোপীবাগ এলাকায় বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে মাদকবিরোধী ঝটিকা অভিযান পরিচালনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সরকারের শীর্ষ পর্যায় ও আইন প্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে বক্তব্য আসে।
রাজনীতি নিয়ে আরও পড়ুন

_copy1.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।