home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ইসলামে যে ৪ ধরনের আকাঙ্ক্ষা থেকে বিরত থাকতে বলা হয়েছে

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ১০:২৯

Facebook
Twitter

ইসলামে যে ৪ ধরনের আকাঙ্ক্ষা থেকে বিরত থাকতে বলা হয়েছে

মুমিনের জীবন কেবল আশা-আকাঙ্ক্ষা কিংবা কল্পনার ওপর নির্ভরশীল নয়। ঈমান, সৎকর্ম, পরিশ্রম, ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসার মধ্য দিয়েই একজন মুমিনের জীবন পরিচালিত হয়। কারণ শুধু স্বপ্ন দেখা বা কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করলেই তা অর্জিত হয় না; এর জন্য প্রয়োজন আন্তরিক চেষ্টা ও সাধনা।

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন, ‘অবাস্তব ও ভিত্তিহীন আকাঙ্ক্ষা হলো নিঃস্ব ও নিঃসম্বল মানুষের মূলধন। এসব আকাঙ্ক্ষার মাধ্যমে তারা নিজেদের সময় অতিবাহিত করে এবং এগুলো উপভোগ করেই জীবন কাটিয়ে দেয়।’ (মাদারিজুস সালিকিন, ৩/৪৯৪)

ইসলাম এমন অলীক আকাঙ্ক্ষা থেকে মানুষকে সতর্ক করেছে, যেগুলোর সঙ্গে বাস্তব কোনো কর্মপ্রচেষ্টা বা সাধনার সম্পর্ক নেই। আল্লাহ তাআলা বলেন, ‘বিষয়টি তোমাদের আকাঙ্ক্ষা অনুযায়ীও নয় এবং আহলে কিতাবের আকাঙ্ক্ষা অনুযায়ীও নয়। যে মন্দ কাজ করবে, তাকে তার প্রতিফল দেওয়া হবে।’ (সুরা নিসা, আয়াত : ১২৩)

এই আয়াতের ব্যাখ্যায় শায়খ ইবনু সাদি (রহ.) বলেন, ‘আকাঙ্ক্ষা হলো এমন কিছু মনের কল্পনা, যার সঙ্গে কোনো আমল বা কাজের সম্পর্ক নেই। কারণ আমলই দাবির সত্যতা প্রমাণ করে অথবা তা মিথ্যা বলে প্রতিপন্ন করে।’ (তাইসিরুল কারিমির রহমান ফি তাফসিরি কালামিল মান্নান, পৃষ্ঠা ২০৫)

পূর্ববর্তী মুসলিম মনীষীরাও ভিত্তিহীন আকাঙ্ক্ষা থেকে সতর্ক করেছেন। কারণ এ ধরনের কল্পনা মানুষের দৃঢ় সংকল্পকে দুর্বল করে দেয়। মানুষ তখন বাস্তবে কিছু করার পরিবর্তে কল্পনার জগতেই সময় কাটাতে অভ্যস্ত হয়ে পড়ে। তবে সব আকাঙ্ক্ষাই যে নিন্দনীয়, তা নয়। ইসলাম মানুষকে বৈধ ও কল্যাণকর লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনে চেষ্টা করার শিক্ষা দেয়। পাশাপাশি কিছু আকাঙ্ক্ষা থেকে বিরত থাকার নির্দেশনাও দিয়েছে।

ইসলামের দৃষ্টিতে যেসব আকাঙ্ক্ষা নিষিদ্ধ বা পরিহারযোগ্য

১. বিপদে পড়ে মৃত্যু কামনা করা

জীবনের নানা বিপদ, অসুস্থতা কিংবা দুঃখ-কষ্টে মানুষ কখনো কখনো মৃত্যুর আকাঙ্ক্ষা করে বসে। কিন্তু ব্যক্তিগত কোনো বিপদ বা কষ্টের কারণে মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন রাসুলুল্লাহ (সা.)।

তিনি বলেছেন, ‘তোমাদের কেউ যেন তার ওপর আপতিত কোনো বিপদ বা কষ্টের কারণে মৃত্যু কামনা না করে। যদি একান্তই কিছু বলতে হয়, তাহলে সে যেন বলে—হে আল্লাহ! যত দিন আমার জন্য জীবিত থাকা কল্যাণকর, তত দিন আমাকে জীবিত রাখুন। আর যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর হবে, তখন আমাকে মৃত্যু দান করুন।’ (বুখারি, হাদিস : ৬৩৫১)

ইমাম ইবনে কাসির (রহ.) বলেন, এই নিষেধাজ্ঞা ব্যক্তিগত বিপদ বা কষ্টের ক্ষেত্রে প্রযোজ্য। তবে দ্বিনের ক্ষেত্রে ফিতনা বা বিপর্যয়ের আশঙ্কা থাকলে মৃত্যু কামনা করা বৈধ। (তাফসিরুল কোরআনিল আজিম, ৪/৪১৬)

আরও পড়ুন

চার প্রকার মানুষের জন্য পরকালে মুক্তি

২. শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করা

শত্রুর সঙ্গে সংঘাতে জড়ানো কিংবা যুদ্ধের মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা করতেও নিষেধ করেছেন মহানবী (সা.)। বরং তিনি আল্লাহর কাছে নিরাপত্তা ও সুস্থতা কামনা করতে বলেছেন।

রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘হে লোকসকল! তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা কোরো না; বরং আল্লাহর কাছে নিরাপত্তা ও সুস্থতা কামনা করো। আর যখন তাদের মুখোমুখি হবে, তখন ধৈর্য ধারণ করো।’ (বুখারি, হাদিস : ২৯৬৫)

এই হাদিস থেকে বোঝা যায়, অযথা বিপদ ও সংঘাত কামনা করা মুমিনের বৈশিষ্ট্য নয়। বরং সে আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করে এবং অনিবার্য পরিস্থিতিতে ধৈর্য ও দৃঢ়তার পরিচয় দেয়।

৩. পাপ ও অশ্লীল কাজের আকাঙ্ক্ষা করা

মানুষের অন্তরে কখনো পাপ ও অশ্লীল কাজের আকাঙ্ক্ষা তৈরি হতে পারে। ইসলাম এ ধরনের প্রবণতা থেকেও সতর্ক করেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘চোখও জিনা (ব্যভিচার) করে, অন্তরও জিনা করে। চোখের জিনা হলো (হারাম বস্তুর প্রতি) দৃষ্টিপাত করা। আর অন্তরের জিনা হলো (হারাম কাজের) আকাঙ্ক্ষা করা। অতঃপর লজ্জাস্থান সেটিকে বাস্তবে রূপ দিয়ে সত্য প্রমাণ করে অথবা তা থেকে বিরত থেকে মিথ্যা প্রমাণ করে।’ (বুখারি, হাদিস : ৬২৪৩)

অর্থাৎ হারাম কাজের প্রতি অন্তরের আকর্ষণ ও আকাঙ্ক্ষাও নিন্দনীয়। তাই মুমিনের উচিত নিজের চিন্তা ও কল্পনাকে পবিত্র রাখা এবং পাপের দিকে ধাবিত করে এমন প্রবণতা থেকে নিজেকে সংযত রাখা।

৪. অন্যের নিয়ামত নিজের জন্য কামনা করা

আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ধরনের নিয়ামত ও যোগ্যতা দিয়েছেন। কারও সম্পদ বেশি, কারও জ্ঞান, কারও সামাজিক মর্যাদা কিংবা অন্য কোনো ক্ষেত্রে বিশেষ যোগ্যতা রয়েছে। অন্যের প্রতি আল্লাহর দেওয়া নিয়ামত দেখে হিংসা করা কিংবা তা নিজের জন্য কামনা করতে নিষেধ করা হয়েছে।

আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা এমন বিষয়ে আকাঙ্ক্ষা কোরো না, যার মাধ্যমে আল্লাহ তোমাদের কাউকে কারো ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।’ (সুরা নিসা, আয়াত : ৩২)

এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে আশুর (রহ.) বলেন, ‘বিভিন্ন নামে সম্পদ ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে যে বিপ্লব ও প্রচারণার সৃষ্টি হয়েছে, তার পেছনে অন্যতম কারণ হলো আল্লাহ যেসব নিয়ামত ও শ্রেষ্ঠত্ব এক শ্রেণির মানুষকে অন্য শ্রেণির ওপর দান করেছেন, সেগুলো নিজের জন্য কামনা করা।’ (আত-তাহরির ওয়াত-তানভির, ৫/৩১)

অন্যের নিয়ামত দেখে হিংসা বা অসন্তোষ প্রকাশ না করে নিজের জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করাই মুমিনের কর্তব্য।

ইসলাম মানুষকে স্বপ্ন দেখতে কিংবা ভালো কিছু অর্জনের আকাঙ্ক্ষা করতে নিষেধ করেনি। বরং সেই আকাঙ্ক্ষা হতে হবে বৈধ, বাস্তবসম্মত ও কল্যাণকর। শুধু কল্পনায় ডুবে থেকে সময় নষ্ট করার পরিবর্তে লক্ষ্য অর্জনে আন্তরিক চেষ্টা করতে হবে।

একজন মুমিন জানে, সাফল্য কেবল আকাঙ্ক্ষার মাধ্যমে আসে না। এর জন্য প্রয়োজন সৎ নিয়ত, সঠিক কর্মপরিকল্পনা, পরিশ্রম, ধৈর্য এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল। তাই ভিত্তিহীন ও নিষিদ্ধ আকাঙ্ক্ষা পরিহার করে বৈধ লক্ষ্য নির্ধারণ এবং তা অর্জনে সাধনা করাই হওয়া উচিত মুমিনের জীবনের অঙ্গীকার।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।