_copy7.webp)
.webp&w=2048&q=75)
গাড়ির স্টিয়ারিংয়ে চিত্রনায়িকা শাবনূর, পাশের আসনে বসে খালি গলায় গান গাইছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। পেছনের আসনে শাবনূরের একমাত্র ছেলে আইজান নেহান। গাড়ি ছুটছে অস্ট্রেলিয়ার সিডনির রাস্তায়, সঙ্গে চলছে গান আর আড্ডা। শুক্রবার (৯ অক্টোবর) এমনই আনন্দঘন সময় কাটিয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় এই দুই তারকা।
দীর্ঘদিনের বন্ধুত্ব শাবনূর ও রবি চৌধুরীর। সময়ের সঙ্গে দুজনের জীবনে এসেছে নানা পরিবর্তন, বদলেছে ঠিকানাও। তবে তাদের বন্ধুত্ব যে আগের মতোই অটুট, সিডনিতে একসঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন সেই কথাই আবার মনে করিয়ে দিল।
সম্প্রতি স্টেজ শোতে গান গাইতে অস্ট্রেলিয়ায় গেছেন রবি চৌধুরী। তার আসার খবর আগেই পেয়েছিলেন শাবনূর। তাই সময় বের করে বন্ধুর সঙ্গে ঘোরাঘুরির পরিকল্পনা করেন এই চিত্রনায়িকা। শুক্রবার সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়। সিডনির বিভিন্ন মনোরম জায়গা ঘুরিয়ে দেখান শাবনূর। আর গাড়িতে বসে বন্ধুকে গান শুনিয়ে আনন্দ বাড়িয়ে দেন রবি চৌধুরী।
ঘোরাঘুরির সময় শাবনূরের অনুরোধে নিজের জনপ্রিয় গান ‘যেভাবেই তুমি সকাল দেখো’ গেয়ে শোনান রবি। পরে গাড়ি থেকে নেমেও বন্ধুর অনুরোধে কণ্ঠে তোলেন ‘ভালোবাসি তোমাকে’ সিনেমার জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’। একসময় রিয়াজ ও শাবনূরের অভিনয়ে পর্দায় জনপ্রিয়তা পাওয়া গানটি নতুন করে ফিরিয়ে আনে পুরোনো দিনের স্মৃতি।
সিডনিতে সময় কাটানোর অভিজ্ঞতা জানিয়ে শাবনূর বলেন, ‘অসাধারণ সময় কাটছে। অনেক দিন পর দেখা আমাদের। রবি ভাইয়ের সঙ্গে দারুণ মজা হচ্ছে। আমরা ঘুরছি, আমি গাড়ি চালাচ্ছি আর রবি ভাইয়ের কণ্ঠে গান-দারুণ, দারুণ।’
শাবনূরের ফোনে কথা বলতে গিয়ে রবি চৌধুরীও তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘মানুষজন তো কত কী ভাবে। অথচ আমরা ক্যারিয়ারের শুরুর সময় থেকেই বন্ধু। শাবনূর একজন অসাধারণ অভিনেত্রী, তার সিনেমা যারা দেখেছেন, তারা জানেন। আর বন্ধুত্বের কারণে আমি দেখেছি, কী অসাধারণ একজন মানুষ শাবনূর।’
বন্ধুর এমন প্রশংসায় শাবনূরও নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘রবি ভাই ভালো মানুষ না হলে তো আমাদের এত বছরের বন্ধুত্ব টিকত না। বন্ধুত্বের এই সম্পর্কটা টিকে থাকুক সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসায়।’
মজার বিষয় হলো, শাবনূর ও রবি চৌধুরীর জন্মদিন একই দিনে-১৭ ডিসেম্বর। এর আগে শাবনূর ঢাকায় এলে রবি চৌধুরীর বাসায় একসঙ্গে জন্মদিন উদ্যাপন করেছেন তারা। দীর্ঘদিনের এই বন্ধুত্ব যে শুধু স্মৃতিতে সীমাবদ্ধ নয়, বরং সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়েছে, তাদের কথাতেই তা স্পষ্ট।
সিডনিতে কাটানো মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন শাবনূর। সেখানে ‘ভালোবাসি তোমাকে’ সিনেমার গানটির স্মৃতিচারণা করে তিনি লেখেন, ‘সিডনিতে প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে ফিরে গেলাম ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের সেই মধুর স্মৃতিতে। ছবিটির জনপ্রিয় গান “অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন”, যার মূল শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। প্রিয় রবি চৌধুরীর কণ্ঠে আজ সেই গানটির দুই লাইন শুনে নস্টালজিয়ায় ডুবে গেলাম। বাংলা আধুনিক গানের জনপ্রিয় এই শিল্পীর সঙ্গে সিডনিতে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণীয় হয়ে থাকবে।’
মহম্মদ হান্নান পরিচালিত ‘ভালোবাসি তোমাকে’ সিনেমার গানটির গীতিকার ও সুরকার ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। বহু বছর পর সেই গানের সূত্র ধরেই শাবনূর ও রবি চৌধুরীর আড্ডায় ফিরে এলো পুরোনো দিনের স্মৃতি।
শোবিজ নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)

.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।