_copy7.webp)

ইরানকে ইসরায়েলের জন্য তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। নেতানিয়াহু ইরানের হুমকি কম করে দেখানোর জন্য রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনা করেছেন। অন্যদিকে আইজেনকোট বলেছেন, নতুন সরকার শপথ নেওয়ার আগে ইরানের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক পদক্ষেপের প্রয়োজন দেখছেন না তিনি।
সোমবার (২৩ নভেম্বর) নেসেটে নিজ দল লিকুদের সাপ্তাহিক বৈঠকে নেতানিয়াহু বলেন, চারপাশের বড় হুমকি মোকাবিলা এবং ইসরায়েলের অস্তিত্ব নিশ্চিত করতে জাতীয় ঐক্য প্রয়োজন।
তিনি বলেন, ‘যারা এসব হুমকিকে উপহাস করে বা ছোট করে দেখে—তাৎক্ষণিক, কঠিন ও গুরুতর এসব হুমকি—তারা রাজনৈতিক কারণে এমনটা করছে।’
নেতানিয়াহুর এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে তিনি চাপ দিচ্ছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে নিরাপত্তা কর্মকর্তারা এ পদক্ষেপের বিরোধিতা করছেন বলে খবর প্রকাশিত হয়েছে। এ নিয়ে অভিযোগ উঠেছে, নতুন সরকার গঠন বিলম্বিত করতেই নেতানিয়াহু সংঘাতের পথ খুঁজছেন।
নেতানিয়াহুর বক্তব্যের বিপরীতে আইজেনকোট তার দল ইয়াশারের বৈঠকে বলেন, নতুন সরকার শপথ নেওয়ার আগে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার মতো তাৎক্ষণিক হুমকি তিনি দেখছেন না।
তার মতে, নতুন সামরিক অভিযান চালানোর পরিবর্তে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের দিকে নজর দেওয়া উচিত ইসরায়েলের।
আইজেনকোট বলেন, ‘ইরানের সবচেয়ে গুরুতর হুমকি হলো ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম, যা এখনো ধ্বংস বা সরিয়ে নেওয়া হয়নি। আমাদের এ বিষয়টিতে মনোযোগ দিতে হবে।’
নেতানিয়াহুর জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান নিয়েও কথা বলেন আইজেনকোট। তিনি জানান, তার দল ‘রাজনৈতিক সমঝোতা নয়, প্রকৃত ঐক্য’ প্রতিষ্ঠায় কাজ করবে।
এ ক্ষেত্রে নিজের দলের অবস্থানও স্পষ্ট করেন তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার ঘটনা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন এবং সবার জন্য বাধ্যতামূলক সামরিক নিয়োগের দাবিতে কোনো আপস করবেন না বলে জানান আইজেনকোট।
এদিকে নেতানিয়াহু বলেন, অতি-অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে নিয়োগের প্রশ্নে সব পক্ষকেই নমনীয় হতে হবে। তার মতে, হেরেদি দল ইউনাইটেড তোরাহ জুদাইজম ও শাস পার্টিকে ঐক্য সরকারে রাখতে হবে।
তবে আরব সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্ট বা রা’আম পার্টির সমর্থনের ওপর নির্ভরশীল কোনো সরকার গঠনের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘একটি জায়নবাদী সরকার আহমেদ তিবি, ওফের কাসিফ বা তাদের সহযোগীদের নিয়ন্ত্রণে থাকতে পারে না।’
নেতানিয়াহুর দাবি, ইহুদি রাষ্ট্রের ভবিষ্যৎ রক্ষায় কাজ করতে চাওয়া কোনো সরকার এমন পক্ষের ওপর নির্ভর করতে পারে না, যারা ইহুদি রাষ্ট্রকে ধ্বংস করতে চায়। বিষয়টি ধর্ম, বর্ণ বা লিঙ্গের নয়; বরং আদর্শের।
সাম্প্রতিক নির্বাচনে আরব দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পাওয়ার পর থেকে নেতানিয়াহু ও তার মিত্ররা দলগুলোর বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ তুলে আসছেন। আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জায়নবাদী বিরোধী জোটের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সম্ভব না হলে সরকার গঠনে এসব দলের সমর্থন প্রয়োজন হতে পারে।
লিকুদের সঙ্গে সরকার গঠন নিয়ে বেনেট-গোলানের বিরোধ
এদিকে লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠন নিয়ে আইজেনকোটের জোটের মধ্যেই মতবিরোধ দেখা দিয়েছে। সোমবার বি’ইয়াখাদ পার্টির চেয়ারম্যান নাফতালি বেনেট বলেন, অতি-অর্থোডক্স বা আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকারের চেয়ে লিকুদের সঙ্গে ঐক্য সরকার গঠনই তার পছন্দ।
নেসেটে একদল সেনাসদস্যের সঙ্গে আলোচনায় বেনেট বলেন, সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে আরব দলগুলোর সঙ্গে জোট, হেরেদি দলগুলোর সঙ্গে জোট কিংবা লিকুদের সঙ্গে ঐক্য সরকার—তিনি শেষের বিকল্পটিই চান। তবে সেই সরকারে প্রধানমন্ত্রী পদে পালাক্রমের ব্যবস্থা থাকতে হবে এবং প্রথমে আইজেনকোট প্রধানমন্ত্রী হবেন।
বেনেট বলেন, ‘আমার মনে হয়, এমন একটি সরকার প্রয়োজন, যেখানে সব গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি সামরিক বাহিনীতে দায়িত্ব পালনের পক্ষে থাকবেন এবং যাদের নিজেদের সন্তানরাও সেনাবাহিনীতে কাজ করে। যারা একই ট্যাংকে একসঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, তারা দেশও একসঙ্গে পরিচালনা করতে পারেন।’
গত সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে দুই ঘণ্টার বৈঠক করেন বেনেট। তবে বৈঠকের আগে আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের অন্য মিত্রদের বিষয়টি জানাননি বলে খবর প্রকাশিত হয়। পরে নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে আইজেনকোটের নেতৃত্বে লিকুদকে অন্তর্ভুক্ত করে ঐক্য সরকার গঠনের পক্ষে অবস্থান জানান তিনি।
অন্যদিকে ডেমোক্র্যাটস পার্টির চেয়ারম্যান ইয়ার গোলান এ আলোচনা ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বেনেটকে লিকুদের সঙ্গে ঐক্য সরকারের আহ্বান থেকে সরে আসার পরামর্শ দেন।
দলীয় বৈঠকের শুরুতে গোলান বলেন, জনগণ তাদের স্পষ্ট দায়িত্ব দিয়েছে—যত দ্রুত সম্ভব নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলকে নিরাপত্তা, দায়িত্বশীলতা ও গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়া।
তিনি বলেন, জোটের মিত্রদের আকাঙ্ক্ষা, বিবেচনা ও উদ্বেগের বিষয়গুলো তিনি বুঝতে পারেন। তবে রাজনৈতিক বিবেচনার চেয়ে ইসরায়েলের নিরাপত্তা এবং সেনাসদস্য ও বেসামরিক নাগরিকদের জীবন বেশি গুরুত্বপূর্ণ।
বেনেটকে উদ্দেশ করে গোলান বলেন, ‘যারা দায়িত্ব পালন করছে, তাদের সুরক্ষার শপথ করেছিলেন আপনি। আমি জানি, সেটি ফাঁকা প্রতিশ্রুতি ছিল না। কিন্তু তাদের সুরক্ষার প্রথম পদক্ষেপ হলো নেতানিয়াহুকে এমন একটি অপ্রয়োজনীয় যুদ্ধে সেনাদের নেতৃত্ব দেওয়া থেকে বিরত রাখা, যাতে তাদের প্রাণহানি ঘটতে পারে কিংবা তারা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।’
গোলানের অভিযোগ, নেতানিয়াহু ইসরায়েলকে ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধে জড়াতে এবং পশ্চিম তীরে উত্তেজনা বাড়াতে চাইছেন। সেখানে উগ্র বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গোলান বলেন, যারা সেনাসদস্যদের নিয়ে ভাবেন, তাদের সবার উচিত নেতানিয়াহুকে ক্ষমতার চালকের আসন থেকে সরাতে সর্বোচ্চ চেষ্টা করা। তার সঙ্গে বা পাশাপাশি—এমনকি প্রধানমন্ত্রী পদ ভাগাভাগির চুক্তির মাধ্যমেও—সরকারে বসা উচিত নয়।
তিনি আরও বলেন, নেতানিয়াহুকে ক্ষমতায় টিকিয়ে রাখা ভোটারদের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে। গোলান আরব দল রা’আমের নেতা মানসুর আব্বাসের সঙ্গে তাদের ভালো অংশীদারত্ব রয়েছে বলেও দাবি করেন।
গোলানের বক্তব্যের পর বেনেট আবারও ঐক্য সরকার গঠনের পক্ষে নিজের অবস্থান জানান। তবে নেতানিয়াহু যদি আইজেনকোটের নেতৃত্বে ঐক্য সরকার গঠনের বদলে শুধু সময়ক্ষেপণ করতে চান, তাহলে তার পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেন বেনেট।
বিশ্ব নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।