_copy7.webp)

বিদেশে অর্থ পাচারের অভিযোগে উঠেছে বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং এবং তার শ্বশুর ও চলচ্চিত্র প্রযোজক বাসু ভগনানির বিরুদ্ধে। তাদের প্রযোজনা সংস্থা প্যানোরামা স্টুডিওকে ঘিরে আর্থিক প্রতারণার অভিযোগে মুম্বাইয়ের একাধিক জায়গায় তল্লাশিও চালিয়েছে আয়কর বিভাগ। এ ঘটনার প্রায় এক সপ্তাহ পর বিষয়টি নিয়ে মুখ খুললেন রাকুল প্রীত। তিনি দাবি করেছেন―এসব অভিযোগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই তার।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী রাকুল প্রীত বিবৃতিতে লিখেছেন, বিষয়টি স্পষ্টভাবে পরিষ্কার করে দেয়া যাক। এই তল্লাশি আমার সঙ্গে সম্পর্কিত ছিল না। সবাই জানুক, আমি একজন সশস্ত্র বাহিনীর ব্যাকগ্রাউন্ডের সন্তান এবং এই শিল্পে আমার কোনো গডফাদার ছিল না। কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অবস্থানে পৌঁছেছি এবং একজন দায়িত্বশীল আইন মেনে চলা নাগরিক হিসেবে ২০ বছর বয়স থেকেই নিয়মিত কর পরিশোধ করে আসছি আমি।
ব্যক্তিগতভাবে বা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের অবৈধ বৈদেশিক অর্থ পাঠানোর (ফরেন রেমিট্যান্স) সঙ্গে জড়িত নই আমি। এটাও যুক্ত করতে চাই, দেশে বা বিদেশে কারও পক্ষে আমার কোনো বেনামি সম্পত্তি নেই। এমনকি কেউ আমাকে কোনো সম্পত্তি উপহারও দেয়নি। এমনকি নীতিগতভাবে আমি এত মূল্যবান উপহার গ্রহণও করি না।
এছাড়া কিছু সংবাদমাধ্যমে এ বলিউড তারকাকে জড়িয়ে সংবাদ করা হয়েছে। সেসব সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোকে ‘সত্যতার অভাব’ উল্লেখ করে তিনি বলেন, যারা এই মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং অনুমাননির্ভর প্রতিবেদন প্রকাশ করেছেন, তাদের কাছে অনুরোধ রইল―সেসব প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার জন্য। আমি বুঝি, একটি প্রতিষ্ঠান চালাতে, সেটি যত বড়ই হোক না কেন, তাদের কিছু বাণিজ্যিক চাপ থাকে। তবে তা তথ্যের মূল্যে হতে পারে না। আর কোনো ব্যক্তির সুনাম ও জীবিকার বিনিময়ে তা একবারেই নয়।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর তহবিলে অনিয়মের সন্দেহে মুম্বাই আয়কর বিভাগ ১২টি জায়গায় তল্লাশি চালায়। তদন্তকারীদের ধারণা, সিনেমা প্রজেক্টে অর্থায়নের অজুহাতে বিদেশে টাকা পাচার করা হচ্ছে। এ কারণে মুম্বাই আয়কর বিভাগের একটি দল নথিপত্র, আর্থিক রেকর্ড এবং কথিত বিদেশে লেনদেনের বিবরণ যাচাই করছে। আর আয়কর বিভাগের দুই দিনের তল্লাশির পর প্রযোজক বাসু ভগনানি লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
গত বছর ডিসেম্বরে মাদকের একটি মামলায় রাকুল প্রীতের ভাই আমান প্রীত সিংয়ের খোঁজে তল্লাশি চালিয়েছিল মুম্বাই পুলিশ। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল’ এনফোর্সমেন্ট (ইগল) ফোর্স এবং ওয়েস্ট জোন পুলিশ পরিচালিত একটি অভিযানে মাদক বিক্রির অভিযোগে দু’জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে ৪৩ গ্রাম কোকেন ও ১১.৫ গ্রাম এমডিএমএ জব্দ করা হয়। সন্দেহ করা হয়, অভিনেত্রীর ভাই আমান প্রীত ওই দুই ব্যবসায়ীর কাছ থেকে পাঁচবার মাদক কিনেছিলেন।
প্রসঙ্গত, রাকুল প্রীতকে সর্বশেষ ‘পতি পত্নী অউর ওহ ২’ সিনেমায় দেখা গেছে। এছাড়া রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমায় রাবণের বোন শূর্পণখার চরিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী।
শোবিজ নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।