_copy7.webp)
.webp&w=2048&q=75)
গর্ভাবস্থায় সিফিলিস, রুবেলা, টক্সোপ্লাসমোসিস, সাইটোমেগালোভাইরাস (সিএমভি) ও হার্পিসভাইরাসের মতো জন্মগত সংক্রমণ হলে শিশুর অটিজম ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।
টর্চ (TORCH) নামে পরিচিত এসব সংক্রমণ প্ল্যাসেন্টা পেরিয়ে ভ্রূণের শরীরে পৌঁছাতে পারে। এতে গর্ভপাত, মৃত সন্তান প্রসবের পাশাপাশি শিশুর মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষকরা ১৯৮৭ থেকে ২০২১ সালের মধ্যে দেশটিতে জন্ম নেওয়া প্রায় ৩৭ লাখ মানুষকে নিয়ে গবেষণাটি করেন। তাদের মধ্যে ৯৭৫ জনের জন্মগত টর্চ সংক্রমণ শনাক্ত হয়েছিল। প্রায় তিন দশক ধরে তাদের স্বাস্থ্য ও শিক্ষাজীবনের বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ করা হয়।
গবেষণায় দেখা যায়, জন্মগত টর্চ সংক্রমণ থাকা শিশুদের অটিজমে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় প্রায় তিন গুণ এবং বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতার ঝুঁকি সাত গুণেরও বেশি। গবেষকদের হিসাবে, এ ধরনের সংক্রমণ নিয়ে জন্ম নেওয়া প্রায় প্রতি পাঁচ শিশুর একজন পরবর্তীতে অটিজমে আক্রান্ত হতে পারে।
সংক্রমণের প্রভাব শুধু স্বাস্থ্যগত সমস্যায় সীমাবদ্ধ নয়। গবেষণায় দেখা গেছে, অটিজম বা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা না থাকলেও সংক্রমণে আক্রান্ত কিছু শিশু বিদ্যালয়ে তুলনামূলকভাবে খারাপ ফল করেছে।
গবেষক রেনে গার্ডনার বলেন, জন্মগত এসব সংক্রমণ বিরল হলেও এগুলোর বেশ কিছু প্রতিরোধযোগ্য উপায় রয়েছে। তাই বিশেষ করে সংক্রমণের হার বেশি এমন এলাকায় টিকাদান ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।
গবেষণায় আরও বলা হয়েছে, উপসর্গহীন সংক্রমণ শনাক্ত করতে কার্যকর স্ক্রিনিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ। জন্মগত সিএমভি সবচেয়ে বেশি দেখা যায় এবং স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে এর প্রকোপ তুলনামূলকভাবে বেশি।
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।