home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আজিমপুর সরকারি কলোনিতে নিষ্ঠুরতা: পরিষ্কারের নামে প্রাণী নিধনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৪

Facebook
Twitter

আজিমপুর সরকারি কলোনিতে নিষ্ঠুরতা: পরিষ্কারের নামে প্রাণী নিধনের অভিযোগ

রাজধানীর আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কলোনিতে পরিচ্ছন্নতা অভিযানের আড়ালে চলছে অবলা প্রাণীদের ওপর চরম নিষ্ঠুরতা। খাবারের অভাবে কলোনির কুকুরগুলো ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। খাবার দিতে গেলে বাধা দেওয়া, খাবার পায়ে পিষে নষ্ট করা এবং প্রাণীদের দীর্ঘমেয়াদে অভুক্ত রেখে মেরে ফেলার মতো অমানবিক ঘটনার অভিযোগ উঠেছে কলোনির একাংশের বিরুদ্ধে।


​সম্প্রতি আজিমপুর কলোনিতে প্রধানমন্ত্রীর ঝটিকা সফরের পর সেখানকার বর্জ্য ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ এবং ব্যবস্থা নেওয়ার নির্দেশনা আসে। এই নির্দেশনার পর গণপূর্ত বিভাগ ও সংশ্লিষ্টরা পরিচ্ছন্নতা অভিযানে নামে। তবে অভিযোগ উঠেছে, এই অভিযানের সুযোগ নিয়ে কলোনিতে বসবাসকারী কুকুরবিদ্বেষী একটি পক্ষ সেখানে জন্ম নেওয়া নিরীহ কুকুরগুলোকে না খাইয়ে মেরে ফেলার পথ বেছে নিয়েছে।


কুকুর কামড়ানোর মিথ্যা অভিযোগ 


কলোনির বাসিন্দাদের অভ্যন্তরীণ মেসেজিং গ্রুপের কথোপকথন থেকে জানা যায়, কলোনির জোন-বি, ১১ নম্বর ভবনের ৫/ডি ফ্ল্যাটের বাসিন্দা এবং স্বাস্থ্য সেবা বিভাগের (নিমিউ অ্যান্ড টিসি) উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফ পাঠানের নেতৃত্বে একটি চক্র এই প্রাণী নির্যাতন ও নিধনের মূল হোতা হিসেবে কাজ করছে। 


ভবনের গ্রুপে দাবি করা হয়, ওই ফ্ল্যাটের এক ছেলেকে একটি সাদা রঙের কুকুর কামড়ে আহত করেছে এবং এর দায় কুকুরকে খাবারদাতাদের নিতে হবে। এমনকি কুকুরকে খাবার দিলে জরিমানা আদায় এবং খাবারদাতাদের ভিডিও ফুটেজ সংগ্রহ করে গণপূর্ত বিভাগের প্রকৌশলীর কাছে পাঠিয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।  


তবে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের দাবি, কুকুর কামড়ে আহত করার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। মূলত কুকুরটি ওই কিশোরের প্যান্টে সামান্য টান দিয়েই ছেড়ে দিয়েছিল; এতে কেউ আহত হয়নি এবং কিশোরটি স্বাভাবিকভাবেই সাইকেল চালিয়ে চলে যায়। এই সামান্য ঘটনাকে পুঁজি করে মিথ্যা প্রচারণা চালিয়ে কুকুরগুলোকে না খাইয়ে মারার এবং পশুপ্রেমীদের বাসায় বাসায় গিয়ে হেনস্তা করার বৈধতা তৈরি করা হয়েছে।  উল্লেখ্য, এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত অভিযুক্ত মো. আশরাফ পাঠানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।)


খাবারদাতাদের ওপর হামলা, লাঠি নিয়ে তল্লাশি 

​

কলোনির মাঠ, বাগান ও পুকুরপাড়ে দীর্ঘদিন ধরে বেঁচে থাকা এসব প্রাণীকে খাবার দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কোনো সহৃদয় বাসিন্দা খাবার দিতে গেলে তাদের চরম হেনস্তার শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, এই চক্রটি পশুপ্রেমী একজন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের গায়েও হাত তুলেছে। এছাড়া, এক নারী বাসিন্দা জানান, তিনি একা বসবাস করায় এবং তাঁর স্বামীর বাড়ি টুঙ্গিপাড়ায় হওয়ার সুযোগ নিয়ে তাঁকে নিয়মিত মানসিক নির্যাতন করা হচ্ছে। এমনকি তাঁকে লাঠি নিয়ে বাসায় খুঁজতে আসার মতো ভীতিকর ঘটনাও ঘটেছে।  


​ভুক্তভোগীরা জানান, এই অমানবিক কর্মকাণ্ড বন্ধে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুইবার অবহিত করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচিত কর্মকর্তা ও গণপূর্ত বিভাগে লিখিত আবেদন করে এবং সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিকার মেলেনি। উল্টো গণপূর্ত বিভাগ এই কুকুর নিধনকারীদের পক্ষ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।  


অনাহারে মা কুকুরের মৃত্যু ও আইনি লঙ্ঘন


ইতিমধ্যেই দীর্ঘ অনাহারে একটি মা কুকুর মারা যাওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত মা কুকুরটির পাশে অসহায়ভাবে বসে দুধ খাওয়ার চেষ্টা করছিল তার ছোট্ট ছানাটি—যেটি সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।


​প্রাণী অধিকারকর্মী ও স্থানীয় মানবিক বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, এটি পরিষ্কার-পরিচ্ছন্নতার নামে মধ্যযুগীয় বর্বরতা। 'প্রাণীকল্যাণ আইন, ২০১৯' অনুযায়ী প্রাণীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করা বাধ্যতামূলক এবং কোনো প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট, যন্ত্রণা বা অনাহারে রাখা দণ্ডনীয় অপরাধ। কলোনিতে যা ঘটছে, তা সরাসরি প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।


সামাজিক মাধ্যমে লেখক ও অধিকারকর্মীরা বিষয়টি দায়িত্বশীল মহলের নজরে আনার দাবি জানিয়েছেন। তারা বলছেন, বর্জ্য ও নোংরা পরিবেশ পরিষ্কার করা যৌক্তিক হলেও প্রাণীদের অনাহারে রেখে তিলে তিলে মারা এবং প্রতিবাদকারী নাগরিকদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করা কখনোই মেনে নেওয়া যায় না। দ্রুত এই নিষ্ঠুরতা বন্ধে উচ্চপর্যায়ের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রাণী অধিকার সংগঠনগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন নাগরিকরা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।