.webp)

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জমির বিরোধের জেরে প্রতিপক্ষের গণপিটুনিতে আহত ফার্নিচার মিস্ত্রি মোহাম্মদ ফখরুল ইসলাম (৪২) মারা গেছেন। ১৭ দিন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ রোববার (১২ এপ্রিল) সকালে তাঁর মৃত্যু হয়।
নিহত ফখরুল ইসলাম উপজেলার গুজদিয়া ইউনিয়নের রামনগর গ্রামের ইব্রাহিমের ছেলে। এ ঘটনায় পুলিশ কাজল আক্তার ও রোমা আক্তার নামের দুই নারীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একখণ্ড জমি নিয়ে রামনগর গ্রামের রহিম, আশিক, ফজলু ও হোসেনদের সঙ্গে দীর্ঘদিন ধরে ফখরুল ইসলামের বিরোধ চলছিল। গত ২৬ মার্চ সকালে ফখরুল ইসলাম তাঁর গরুর জন্য ঘাস কাটতে মাঠে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ফখরুলকে বেধড়ক মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।
পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেই আজ তাঁর মৃত্যু হয়।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার ঘটনার পর গত ২৬ মার্চ নিহতের ভাই আল আমিন বাদী হয়ে ১৩ জনকে আসামি করে একটি মামলা করেছিলেন। মামলায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য ঢাকার একটি হাসপাতালের মর্গে ফখরুলের লাশের রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর এবং মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন




.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
নূর জাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।