home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭

Facebook
Twitter

গোপালগঞ্জে বন্ধ থাকবে ট্রেন ও দুই থানার কার্যক্রম, স্থগিত সরকারি বরাদ্দ

গোপালগঞ্জে বন্ধ থাকা ট্রেন চলাচল ও পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া এবং মুকসুদপুর থানার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে না। নিরাপত্তাঝুঁকি বিবেচনায় আপাতত ট্রেন চলাচল চালুর সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। একই সঙ্গে গোপালগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন সরকারি বরাদ্দও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও নাশকতার ঘটনার পর গোপালগঞ্জের সঙ্গে অন্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল চালুর উদ্যোগ নেওয়া হবে না।

গোপালগঞ্জে দিনে পাঁচটি ট্রেন চলাচল করত। এর মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস গোপালগঞ্জ থেকে রাজশাহী, অভিযাত্রী কমিউটার ঢাকা থেকে গোপালগঞ্জ, রূপসী বাংলা ঢাকা থেকে কাশিয়ানী হয়ে বেনাপোল, জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনা এবং ভাটিয়াপাড়া এক্সপ্রেস ভাঙ্গা থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত চলাচল করত। ১৫ নভেম্বর থেকে এসব ট্রেন বন্ধ রয়েছে।

এদিকে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও এখনই চালু হচ্ছে না। থানাদুটি পুড়িয়ে দেওয়ার পর থেকে কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে থানার কার্যক্রম গোপালগঞ্জ সদর থানায় পরিচালিত হচ্ছে। থানা দুটি সংস্কারের কাজও এখনো শুরু হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে সংস্কারকাজ শুরু করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী গণমাধ্যমকে জানান, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুই থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন। তবে কবে নাগাদ থানা দুটির কার্যক্রম চালু হবে, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।

গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে দেওয়া বরাদ্দের তৃতীয় কিস্তির অর্থ গোপালগঞ্জে ছাড় করা হবে না। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এ কিস্তির অর্থ স্থগিত থাকবে।

গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশি অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় পুলিশের সাঁজোয়া যান পুড়িয়ে দেওয়া, পুলিশ বক্স ভাঙচুর, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর এবং স্থানীয় বিএনপির তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর পরপরই জেলার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়।

১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এতে থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থানীয়দের ভোগান্তির পাশাপাশি সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে সমস্যায় পড়ছেন অনেকে।

এরপর ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডে সরকার বলপ্রয়োগ করবে না। মারণাস্ত্রও ব্যবহার করা হবে না। এমনকি আবারও গাছ কেটে সড়ক অবরোধ কিংবা বাড়িঘরে হামলার ঘটনা ঘটলেও সরকারের অবস্থান একই থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির গণমাধ্যমকে জানান, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ শুরু হয়নি, এতে কিছুটা সময় লাগবে। ট্রেন চলাচলও এখনো বন্ধ রয়েছে এবং তা চালু হতে সময় লাগবে।

তিনি জানান, আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচি থাকায় হামলা-ভাঙচুরের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে এসব সেবা চালুর সম্ভাবনা কম।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।