_copy7.webp)

দিনাজপুরের ঘোড়াঘাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে করা মামলায় শহীদুল ইসলাম আকাশ (৫৬) নামে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের দক্ষিণ দেবীপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় পুলিশ অভিযান চালালে দুজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ধারালো অস্ত্র, হাসুয়া, লাঠি, মোটা লোহার রডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা এজাহারে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ১৫ নভেম্বর রাতে ঘোড়াঘাট পৌরসভার নিতাইশাহ মোড় এলাকায় কারিগরি কলেজের সামনে শহীদ-ফরিদের চালকলের চাতালে নাশকতার পরিকল্পনার অভিযোগে মামলা করে পুলিশ। ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ১৫ নভেম্বরের ঘটনায় করা মামলাটি তদন্ত করতে গিয়ে শহীদুল ইসলাম আকাশের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিকে সোমবার দিনাজপুর আদালতে পাঠানো হবে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।