home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ছয় দিনে ২১ জেলায় সহিংসতার আগুন, প্রাণ গেল চারজনের

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ২২:৩৩

Facebook
Twitter

ছয় দিনে ২১ জেলায় সহিংসতার আগুন, প্রাণ গেল চারজনের

দেশের বিভিন্ন প্রান্তে যেন একের পর এক সহিংসতার আগুন জ্বলছে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও বাসে আগুন, কোথাও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর। বাদ যাচ্ছে না থানা, হাসপাতাল, ব্যাংক কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানও। গত ছয় দিনে দেশের অন্তত ২১ জেলায় ছড়িয়ে পড়েছে হামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা। এসব সহিংসতায় প্রাণ হারিয়েছেন চারজন। তাদের মধ্যে রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের ৩ নেতা এবং ১ জন বাস হেল্পার।

নিহতদের মধ্যে কেউ রাজনৈতিক কর্মসূচির মিছিলে হামলার শিকার হয়েছেন, কেউ সড়ক অবরোধ ঘিরে সংঘর্ষে গুরুতর দগ্ধ হয়ে মারা গেছেন। আর পিরোজপুরে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক তরুণ সহকারী আগুনের লেলিহান শিখা থেকে আর ফিরতে পারেননি। সহিংসতার এই ধারায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোপালগঞ্জে। সেখানে সরকারদলীয় তিন সংসদ সদস্যের বাড়ি, দুটি থানা, হাসপাতাল, ব্যাংক ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে সারা দেশে ৭০টি ককটেল বিস্ফোরণ এবং ৫৭টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। এর বাইরে ১৭ ও ১৮ নভেম্বরের সহিংসতায় চারজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

১৪ থেকে ১৯ নভেম্বরের মধ্যে রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর, নড়াইল, পিরোজপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রাজশাহী, হবিগঞ্জ, খুলনা, নাটোর, নেত্রকোনা, রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, দিনাজপুর, মেহেরপুর ও কক্সবাজারসহ অন্তত ২১ জেলায় সহিংসতার খবর পাওয়া গেছে।

চার প্রাণহানি, আগুনে পুড়ল তিন জেলার জনপদ

সাম্প্রতিক সহিংসতায় সবচেয়ে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে ফরিদপুর, নড়াইল ও পিরোজপুরে।

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ চলাকালে হামলায় গুরুতর দগ্ধ হন কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩৪)। পরে তার মৃত্যু হয়। একই এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় বিএনপিসংশ্লিষ্ট সংগঠনগুলোর একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালানো হয়। এতে কৃষক দলের নেতা শাহিনুর শেখ (৪৫) ও জাসাস নেতা সোহেল মোল্লা (৩৫) নিহত হন। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে দুই নেতার প্রাণহানির ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্যদিকে পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে ১৮ নভেম্বর ভোরে বাহক পরিবহন ও লিসা পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়। একটি বাসের ভেতরে তখন ঘুমিয়ে ছিলেন সহকারী মোহাম্মদ সিয়াম (২৫)। আগুনের মধ্যে আটকে পড়ে দগ্ধ হয়ে প্রাণ হারান তিনি। বাসে ঘুমিয়ে থাকা এই তরুণের মৃত্যুর ঘটনায় হামলাকারীদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

গোপালগঞ্জে থানা থেকে হাসপাতাল, আগুনের গ্রাসে স্থাপনা

গত কয়েক দিনের সহিংসতায় সবচেয়ে বেশি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জে। ১৪ নভেম্বরের পর থেকেই সেখানে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে। ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে শহরে মিছিল, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। হামলা ও ভাঙচুরের শিকার হয় সরকারি স্থাপনাও। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়। ক্ষতিগ্রস্ত হয় পুলিশ বক্স, পুলিশের সাঁজোয়া যান ও স্মৃতিস্তম্ভের নামফলক।

১৭ নভেম্বর সন্ধ্যায় আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে জড়ো হওয়া লোকজন টুঙ্গিপাড়া থানায় হামলা চালান। একপর্যায়ে থানার ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। থানা ভবন, পুলিশ ব্যারাক এবং ভেতরে থাকা যানবাহনে আগুন দেওয়া হয়। আটক ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়া ও অস্ত্র লুটের অভিযোগও উঠেছে।

একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তার আত্মীয়স্বজনের বাড়িতেও আগুন দেওয়া হয়। স্থানীয় সূত্রের দাবি, সংসদ সদস্যের বাড়িসহ অন্তত ১৫টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

পরদিন ১৮ নভেম্বর রাতে নতুন করে হামলার শিকার হয় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন আরব জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। হামলাকারীরা হাসপাতালের প্যাথলজি বিভাগ, রিসেপশন ও ব্যক্তিগত কক্ষ ভাঙচুর করে। আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

হাসপাতালে তখন প্রসূতি, অস্ত্রোপচারের পর চিকিৎসাধীন রোগী ও নবজাতক ছিল। হঠাৎ হামলা ও আগুনের ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে হাসপাতাল ছেড়ে চলে যান। চিকিৎসার জন্য আসা মানুষজনও পড়েন চরম ভোগান্তিতে।

১৯ নভেম্বর সকালে কাশিয়ানীতে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন মুকসুদপুর থানায় হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। থানা চত্বরে পুলিশের গাড়ি ও জব্দ করা যানবাহনসহ অন্তত ১০টি যানবাহন পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া মুকসুদপুরের একটি গ্রামীণ ব্যাংক শাখা এবং উপজেলা বিএনপি কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

রাজধানীতে দুই নেতার বাড়িতে আগুন

রাজধানী ঢাকাতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুলের উত্তর ইব্রাহিমপুরে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে হামলা চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০ থেকে ২৫ জনের একটি দল বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফায় আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় কেয়ারটেকারের কক্ষও। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

একই দিন রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাড়িতে হামলা হয়। স্থানীয় সূত্রের দাবি, ছাত্রদলের ৪০ থেকে ৫০ জনের একটি দল বাড়ির নিচতলায় থাকা তার কার্যালয়ের কাচ ভাঙচুর করে। পরে ভেতরের আসবাব ও ক্রেস্টে আগুন দেওয়া হয়।

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ হামলার বিষয়টি স্বীকার করে বলেন, যুবলীগের সাধারণ সম্পাদকের কর্মকাণ্ডের প্রতিবাদে তারা এ পদক্ষেপ নিয়েছেন। তবে মিরপুর মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় মুহাম্মদ ইউনূসের পারিবারিক বাড়ি ‘নিরিবিলি’র একাংশে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার রাত ১১টার দিকে চারতলা বাড়িটির পূর্ব পাশের নিচতলার একটি অব্যবহৃত অংশে আগুন দেখতে পান টহল পুলিশ সদস্যরা। পরে তারা আগুন নেভান।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানান, বাড়িটির ওই অংশে ১০ থেকে ১৫ বছর ধরে কেউ বসবাস করেন না। সেখানে পুরোনো আসবাব ও কাপড়চোপড় রাখা ছিল। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ফলে ঘটনাটিকে এখনই নিশ্চিতভাবে অগ্নিসংযোগ বলা যাচ্ছে না।

একই দিন ভোররাতে বরিশাল নগরের বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়। ভোর ৪টার দিকে বিক্ষুব্ধ লোকজন বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করেন। পরে নিরাপত্তাকর্মীর কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির সামনের কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেওয়া হয়। এতে নিরাপত্তাকর্মীর কক্ষটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

পটুয়াখালীতে সাত নেতার বাড়িতে হামলা

পটুয়াখালীতে গতকাল রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত সাত নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

হামলার শিকার ব্যক্তিরা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল, শ্রমিক লীগ নেতা খলিলুর রহমান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন মিয়া এবং সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়া।

দক্ষিণ সবুজবাগ এলাকায় কাজী আলমগীরের বাড়িতে আগুন দেওয়া হলে ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। পুরান বাজারে গোলাম সরোয়ারের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় পরিবারের সদস্যরা পেছনের দরজা দিয়ে বের হয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।

আফজাল হোসেনের চারতলা ভবনের সামনে কয়েক দফা আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে ভাড়াটিয়াদের তৎপরতায় আগুন ভবনের ভেতরে ছড়াতে পারেনি। সৈয়দ সোহেলের বাড়িতেও হামলা চালানো হয়। খলিলুর রহমান মোহন মিয়ার গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়। সাবেক সংসদ সদস্য শাহজাহান মিয়ার বাড়িতেও আগুন দেওয়ার চেষ্টা হয়।

আরও যেসব জেলায় হামলা-অগ্নিসংযোগ

গোপালগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও পটুয়াখালীর বাইরে দেশের বিভিন্ন জেলায়ও সহিংসতা ছড়িয়ে পড়ে।

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয় এবং সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি ও ব্যক্তিগত কার্যালয়ে আগুন দেওয়া হয়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি স্টাফ বাসে অগ্নিসংযোগ করা হয়। রূপগঞ্জে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বাড়ির পাশের এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল ও এরিয়া অফিস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়। খুলনায় দোকান ও একটি যুব উন্নয়ন সংঘে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। নেত্রকোনায় বিএনপি কার্যালয়, দোকান, রেললাইন ও রেলস্টেশনের অংশে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, দিনাজপুর, মেহেরপুর ও কক্সবাজারেও বাস, যানবাহন, রাজনৈতিক কার্যালয় ও পুলিশের স্থাপনায় হামলা-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

১৮ দিনে ঢাকায় ৮৫ ককটেল বিস্ফোরণ

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও বেড়েছে। গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ঢাকায় ২৭টি, অক্টোবরে ১৩টি এবং নভেম্বরের প্রথম ১৮ দিনে ৮৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হিসাবে, সেপ্টেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ১৬টি বাসে আগুন দেওয়া হয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম ককটেল বিস্ফোরণের সংখ্যা বৃদ্ধির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে দায়ী করেছেন। তার দাবি, দলটির ঘোষিত কর্মসূচি সামনে রেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের অস্তিত্ব জানান দিতে তৎপরতা বাড়িয়েছেন।

১৮ নভেম্বর তিনি জানান, ডিসেম্বর মাসকে সামনে রেখে নাশকতার পরিকল্পনার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২ কেজি ২৯০ গ্রাম গানপাউডার উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখে একটি সংগঠিত গোষ্ঠী নাশকতার পরিকল্পনা করছে, এমন তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ করছে।

রাজধানীতে গ্রেফতার অভিযান

সহিংসতা ও নাশকতার ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গ্রেফতার অভিযান চলছে। ডিএমপির তথ্য অনুযায়ী, ১৮ ও ১৯ নভেম্বরের ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ জন রয়েছেন।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও রয়েছেন। উত্তরার দুটি পৃথক বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে ১৭ নভেম্বর ডিএমপি আগের ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫০ জন নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য জানিয়েছিল।

সব মিলিয়ে ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে ৭০টি ককটেল বিস্ফোরণ, ৫৭টি যানবাহনে অগ্নিসংযোগ, ৩৫টি মামলা ও ৬০ জন গ্রেফতারের হিসাব দিয়েছে পুলিশ সদর দফতর। এর পরের দিনগুলোতেও দেশের বিভিন্ন স্থানে সহিংসতা থামেনি। কোথাও রাজনৈতিক বিরোধের জেরে বাড়িঘর ও স্থাপনায় হামলা, কোথাও যানবাহনে আগুন, আবার কোথাও সংঘর্ষে ঝরেছে প্রাণ।

রাজনৈতিক কর্মসূচি ও পাল্টাপাল্টি হামলার এই উত্তেজনায় সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়ামের মতো নিরীহ মানুষের প্রাণহানি সহিংসতার ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে। একের পর এক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জননিরাপত্তা, চিকিৎসাসেবা এবং স্বাভাবিক জীবনযাত্রা নিয়েও বাড়ছে উদ্বেগ।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।