_copy7.webp)

পাবনার বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী-সমর্থকদের মধ্যে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর থেকে উপজেলার বৃশালিখা এলাকার আওয়ামী লীগ সমর্থকন এবং সওদাগরপাড়া এলাকার বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে শুরু হওয়া সংঘর্ষ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলার খবর পাওয়া যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর জেরে দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে দুই দলের সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এসব ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর ধারাবাহিকতায় শনিবার দুপুরে বৃশালিখা ও সওদাগরপাড়া এলাকার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সংঘর্ষের তীব্রতা বাড়তে থাকে।
স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। সংঘর্ষের কারণে আশপাশের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আবু আশরাফ বলেন, তারা ঘটনাস্থলে রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।