home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৮

Facebook
Twitter

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়; তিনি মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে গ্রামের বাড়ি জামালপুর থেকে গাজীপুরে ফিরছিলেন। সেই টাকা 'খোয়া গেছে' বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

পথে কোনো একটি জায়গা থেকে নিখোঁজ হন তিনি; পরে পুলিশের দেওয়া খবরে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন স্বজনরা।নিহত ৫০ বছর বয়সী ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন; তিনি জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে।

স্বজনরা বলছেন, ইসমাইলের একমাত্র মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। সেজন্য জমি বিক্রি করে টাকা নিয়ে গাজীপুরে পরিবারের কাছে ফিরছিলেন। ফিরেই মেয়ের বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করার কথা ছিল তার।

ইসমাইলের ছেলে হাসান লাশ শনাক্ত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বলেছেন, তার বাবার কাছে ৫ লাখ টাকা ও মোবাইল ফোন ছিল; যেগুলো 'পাওয়া যায়নি'।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর থেকে শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। তখন মরদেহের মুখে টেপ মারা ছিল, পরনে ছিল অটোরিকশা চালকদের ইউনিফর্মের মত নীল রঙের শার্ট আর লুঙ্গি।পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা ক্যামেরা আছে। এর মধ্যে সেখানে কীভাবে মরদেহ এল তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পরে বনানী থানার এসআই নজরুল ইসলাম তালুকদার বলেন, আঙুলের ছাপ নিয়ে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে তার পরিচয় শনাক্ত করা হয়।

ইসমাইল ডেল্টা স্পিনিং মিলে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। ৯ মাস আগে অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দেন। চাকরি ছাড়ার পরেও গাজীপুরের কাশিমপুর এলাকায় স্ত্রী, দুই সন্তান ও ছেলের বউকে নিয়ে বসবাস করতেন।কিন্তু মাস চারেক আগে জামালপুরে গ্রামের বাড়িতে ফিরে যান, সেখানে তার মা ও বড় বোন থাকেন।

হাসান বলেন, “বৃহস্পতিবার রাত সাড়ে ৩ টার দিকে গাজীপুরে যাওয়ার উদ্দেশে জামালপুর থেকে রওনা হয়েছিলেন তিনি। রাত ১১ টার দিকে বাবা আমাকে ফোনে জানান, সকালে তিনি এসে পৌঁছাবেন।“আমার ছোট বোন শারমিনের বিয়ের কথা-বার্তা চূড়ান্ত করতেই বাবা ঢাকায় আসছিলেন। এসেই দিন তারিখ ঠিক করার কথা ছিল।”মেয়ের বিয়ের জন্য গ্রামের ১১ শতাংশ জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেছিলেন বলেও তথ্য দেন নিহতের ছেলে হাসান।

তিনি বলেন, “এর মধ্যে আগের ২ লাখ টাকার ঋণ শোধ করেন। কিছু টাকা দিয়ে গ্রামে একটি ঘর দেন। বাকি ৫ লাখ টাকা নগদ নিয়ে এবং কিছু বাজার করে গাজীপুরে আসছিলেন তিনি। সাথে একটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোনও ছিল, কিন্তু কিছুই পাওয়া যায়নি।”

সকালে ইসমাইলের গাজীপুরের জিরানীতে নামার কথা ছিল। সেই অনুযায়ী ছেলে রাসেল সকালে জিরানীতে গিয়ে বাবাকে অনেকবার ফোন দিয়েও বন্ধ পেয়েছেন।পরে বনানী থানা থেকে বিষয়টি জামালপুর পুলিশকে জানানো হয়। সেখান থেকে খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে বাবার লাশ পান রাসেল।

বনানী থানা পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এসআই নজরুল বলেন, “আমরা ধারণা করছি তাকে শ্বাসরোধ করে হত্যা করে গাড়িতে করে এনে লাশটি ফেলে গেছে।”



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।