home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কয়েক মাসেই চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৪

Facebook
Twitter

কয়েক মাসেই চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি সরকারের কয়েক মাসের কার্যক্রমের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপি। আর এবার কয়েক মাসের মধ্যেই তারা চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই বিএনপি সরকার একটি অকার্যকর ও অদক্ষ সরকার। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আর বাংলাদেশে এই কয়েক মাসেই তারা চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়ে গেছে।’

তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের বিভিন্ন ‘খাসলত’ বা অভ্যাস দেশে রয়ে গেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে চাঁদাবাজি।

এনসিপির এই নেতা বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের অন্যতম অভ্যাস ছিল চাঁদাবাজি করা। এখন সেই খাসলত নতুন দলের কাছে এসেছে। তারা ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম করত। এখন ছাত্রদল-যুবদলের বিরুদ্ধেও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ উঠছে।’

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবি বাস্তবায়ন করা না হলে এই আন্দোলন এক দফার আন্দোলনে রূপ নিতে পারে।

তিনি বলেন, ‘আমাদের নয় দফা দাবি একসময় এক দফায় রূপান্তর হয়েছিল। আমরা বলতে চাই, ছয় দফা দাবি যদি না মানেন, তাহলে এই ছয় দফা এক দফা দাবিতে রূপান্তর হবে।’তিনি আরও বলেন, ‘বাংলাদেশে এক দফার দাবিতে রূপান্তরিত হওয়া পর্যন্ত আপনারা কি রাজপথ ছেড়ে দেবেন? আমরা কাউকে ভয় পাই না। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।’

গ্যাস ও বিদ্যুৎ সংকটের কথা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যারা রাজনৈতিক সন্ত্রাসে জড়িত, তাদের পরিবারের সদস্যরাও সরকারের ব্যর্থতায় ভোগান্তির শিকার হচ্ছেন। বাসাবাড়িতে গ্যাস নেই, আবার গ্রামাঞ্চলে শিক্ষার্থীরা পড়তে বসলে বিদ্যুৎ থাকছে না।

তিনি বলেন, ‘আমরা মানুষের বিদ্যুতের জন্য লড়াই করি, গ্যাসের জন্য লড়াই করি। যারা বাংলাদেশে তেলের সিন্ডিকেট করেছে, সেই সিন্ডিকেট ভাঙার জন্য লড়াই করি। ব্যবসায়ীদের পক্ষে চাঁদাবাজি বন্ধের জন্য লড়াই করি।’পুলিশ, ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবিতে তারা রাজপথে নেমেছেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তরুণদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হলে তারা প্রধানমন্ত্রীর কাছে জবাব চাইবেন।

তিনি বলেন, ‘যেসব তরুণকে চাকরি দেওয়ার কথা বলেছেন, তাদের চাকরি নিশ্চিত করতে না পারলে আমরা আপনার সদর দরজায় উপস্থিত হয়ে বলব, যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের চাকরি দিন।’

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, শহীদ উসমান হাদীর বিচার এবং জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

তিনি বলেন, ‘শহীদ উসমান হাদী ভাইয়ের বিচার না পাওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। বাংলাদেশে জুলাই গণহত্যার বিচার না পাওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।’

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ অনুষ্ঠিত হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।