প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ছাত্রশক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে ক্যাম্পাসে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।
জানা গেছে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে একটি গ্রাফিতি লিখন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টকে কেন্দ্র করে দুই সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কলেজ ভবনের দেয়ালে লেখা ‘ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস’ গ্রাফিতি থেকে ‘ছাত্র’ শব্দ মুছে ‘গুপ্ত’ শব্দ বসানোকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত ঘটে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসে অবস্থান নেয় এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
জাতীয় ছাত্রশক্তির বিবৃতিতে বলা হয়, এ ধরনের সহিংসতা শিক্ষাঙ্গনে ভীতি ও ত্রাসের পরিবেশ তৈরি করছে এবং সাধারণ শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনা ব্যাহত হচ্ছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানচর্চা, মুক্তবুদ্ধি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা হওয়া উচিত বলেও উল্লেখ করা হয়।
সংগঠনটি আরও জানায়, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তা সহিংসতার মাধ্যমে প্রকাশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত হওয়াও উদ্বেগজনক।
বিবৃতিতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কলেজ কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ এবং ক্যাম্পাসে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
এছাড়া সকল ছাত্রসংগঠনকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
নূর জাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।