home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৫

Facebook
Twitter

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা ও রাজপথে সহিংসতা বাড়ার প্রেক্ষাপটে এ কথা বলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, হাসিনাকে দেশে ফেরাতে ভারত থেকে প্রত্যর্পণের চেষ্টা করছে ঢাকা। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি মেনে ভারত তাকে ফেরত দেবে বলে আশা করছে বাংলাদেশ।

রবিবার সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই গ্রেফতার হবেন। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে। তিনি আরও বলেন, আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান জানিয়ে একজন দণ্ডিত আসামিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করুক। তাকে আইনের মুখোমুখি হতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই বছরের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। ২০২৪ সালের অভ্যুত্থানের পর তার দল আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। ওই অস্থিরতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার আগে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন হাসিনা। তবে অন্তর্বর্তী সরকার তার আবেদন প্রত্যাখ্যান করেছে।

এদিকে হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। গত এপ্রিলে মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধটি পর্যালোচনা করছে তারা।

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা

হাসিনার দেশে ফেরার দাবিতে আওয়ামী লীগের সমর্থকেরা রাজপথে কর্মসূচি পালন করছেন। চলতি মাসে দলটি এক সপ্তাহের বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, গত ১০ দিনে অন্তত ২৮ জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

শামা ওবায়েদ এসব সহিংসতাকে হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া’ দলের টিকে থাকার কৌশল বলে মন্তব্য করেছেন। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্বই এসব সহিংসতার জন্য দায়ী।

ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে দেশটির সঙ্গে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় ঢাকা।

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতেও কূটনৈতিক চাপ বাড়ানোর কথা জানিয়েছেন শামা ওবায়েদ। ২০১৭ সালে দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড ও যৌন সহিংসতাকে রাষ্ট্রীয় মদদপুষ্ট গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

আদালতের রায় সমালোচনা করেছে মিয়ানমার। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূলে এলেই কেবল রোহিঙ্গারা ফিরতে পারবেন। শামা ওবায়েদ বলেন, এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশকে লড়াইয়ের শক্তি জুগিয়েছে। তাদের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে।

প্রত্যাবাসনের একাধিক উদ্যোগ ব্যর্থ হওয়ায় প্রায় ১২ লাখ রোহিঙ্গা এখনও বাংলাদেশে বসবাস করছেন। মিয়ানমারের গৃহযুদ্ধ এবং রাখাইন রাজ্যের প্রায় পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় প্রত্যাবাসন আরও জটিল হয়েছে। রোহিঙ্গাদের অধিকাংশের আদি নিবাস এই রাজ্যে। মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এই সংকট তৈরি করেনি। মিয়ানমার করেছে, তাই মিয়ানমারকেই এর সমাধান করতে হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।