_copy7.webp)

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে দরিদ্র নারীদের মালিকানাধীন ব্যাংকটি রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এসব আহ্বান জানান ড. ইউনূস।
বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে বাংলাদেশে পরিকল্পিত অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। চট্টগ্রামে তার নিজের বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানান তিনি। ওই বাড়ি থেকেই তার কাজের সূচনা হয়েছিল, যা পরে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন।
গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ড. ইউনূস বলেন, দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক বিশ্বজুড়ে স্বীকৃত। ২০ বছর আগে প্রতিষ্ঠানটি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিল। এ বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।
তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেল ও পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। দারিদ্র্য থেকে বেরিয়ে আসার পথ তৈরিতে এ মডেল আন্তর্জাতিকভাবে সমাদৃত। গ্রামীণ ব্যাংক নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, মর্যাদাপূর্ণ জীবনযাপন, অর্থনীতিতে অংশগ্রহণ এবং সন্তানদের শিক্ষিত করে তোলার সুযোগ তৈরি করেছে।
ড. ইউনূসের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশ নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। এই নারী ঋণগ্রহীতারাই ব্যাংকটির মালিক। ফলে গ্রামীণ ব্যাংকের ওপর হামলা তাদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেন তিনি।
বিবৃতিতে ড. ইউনূস অভিযোগ করেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা চালানো হচ্ছে। এসব হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তার দাবি, শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। হামলার ধরন দেখে তার মনে হয়েছে, প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য অপরাধীদের ওপরের মহল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে।
তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা কয়েকটি ঘটনায় অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারী আতঙ্কের মধ্যে পড়েছেন। তাদের কাছে গ্রামীণ ব্যাংক পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও দৈনন্দিন প্রয়োজন মেটানোর গুরুত্বপূর্ণ অবলম্বন।
ড. ইউনূসের ভাষ্য, এই সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি ও তিনটি থানায়ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
হামলাকারীরা মিথ্যা প্রচারণার মাধ্যমে হামলার পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন ড. ইউনূস। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের মালিক ও পরিচালনাকারী তিনি—এমন দাবি করা হচ্ছে। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার।
তিনি আরও বলেন, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। এমনকি গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিকও তিনি নন, কখনো ছিলেন না।
ড. ইউনূস জানান, গ্রামীণ ব্যাংক তার ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির কার্যক্রম নির্বিঘ্নে চালু রাখা যায়।
দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের বন্ধুদের প্রতিও আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, যারা সর্বোচ্চ পর্যায়ে এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে হবে।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি অগ্রণী বৈশ্বিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়; দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়া এবং কোটি মানুষের জীবনকে মর্যাদাপূর্ণ করার সম্মিলিত প্রচেষ্টার ওপরও আঘাত। এ কাজে যারা বিশ্বাস করেন, তাদের সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দরিদ্র নারীদের ব্যাংক গ্রামীণ ব্যাংককে রক্ষায় সবাইকে এগিয়ে আসার অনুরোধ করেন।
জাতীয় নিয়ে আরও পড়ুন



.webp&w=2048&q=75)

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।