home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, কোন গ্রেডে কত

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১৪:৫৭

Facebook
Twitter

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ, কোন গ্রেডে কত

দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা ও দর-কষাকষির পর অবশেষে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামোতে চারটি গ্রেডে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার থেকে ২১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। আগামী ডিসেম্বর থেকে এ মজুরি কার্যকর হবে। শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে বৈঠক শেষে দিবাগত রাত ২টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএর পরিচালক এবিএম শামসুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

বোর্ড চেয়ারম্যান জানান, প্রথমবারের মতো মাত্র ২০ দিনের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা সম্ভব হয়েছে। দীর্ঘ আলোচনার পর মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। শিগগিরই নতুন মজুরি কাঠামো গেজেট প্রকাশের জন্য পাঠানো হবে। এ প্রক্রিয়া এগিয়ে নিতে বুধবারও বোর্ডের বৈঠক হবে।

তিনি বলেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় গ্রেডের মজুরি নির্ধারণে বোর্ডের সদস্যরা সর্বসম্মত হয়েছেন। তবে চতুর্থ বা সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হতে পারেনি। এ কারণে শ্রম আইন অনুযায়ী গোপন ভোট নেওয়া হয়। এতে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে চতুর্থ গ্রেডের ন্যূনতম মজুরি নির্ধারিত হয় ১৭ হাজার টাকা।

নতুন কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডের হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম মাসিক মজুরি হবে ১৭ হাজার টাকা। তৃতীয় গ্রেডের জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান ও সুইং সহকারীরা পাবেন ১৯ হাজার ২০০ টাকা।

দ্বিতীয় গ্রেডের সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটরদের মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। এ গ্রেডে থাকবেন বিশেষায়িত কাজে নিয়োজিত সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার ও সিনিয়র কাফ মেকাররাও। অন্যদিকে প্রথম গ্রেডের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার ও সিনিয়র ডাইং অপারেটরদের ন্যূনতম মজুরি হবে ২১ হাজার ৫০০ টাকা।

চেয়ারম্যান আরও জানান, যেসব শ্রমিক বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পান, তাদের বেতনও অন্তত ২ হাজার টাকা সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে বোর্ডের সদস্যরা একমত হয়েছেন। তবে কারখানার সক্ষমতা অনুযায়ী মালিকেরা চাইলে এর চেয়ে বেশি বেতন দিতে পারবেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘ দর-কষাকষির পর শ্রমিকপক্ষের প্রতিনিধিরা চতুর্থ গ্রেডের ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার প্রস্তাব দেন। তবে ভোটাভুটিতে শেষ পর্যন্ত ১৭ হাজার টাকা নির্ধারিত হয়।

সোমবার মালিকপক্ষের দেওয়া প্রস্তাব নিয়ে মঙ্গলবার দুপুর ২টা থেকে বোর্ডে আলোচনা শুরু হয়। বিকেল ৪টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চেয়ারম্যান। নামাজ ও রাতের খাবারের বিরতি দিয়ে আলোচনা চলে রাত দেড়টা পর্যন্ত। এ সময় দুই পক্ষ মোট ছয় দফা প্রস্তাব দেয়।

সংবাদ সম্মেলনে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, অতীতে শ্রমিক আন্দোলন হলে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতিতে কারখানা বন্ধ করে দেওয়া হতো। এবার আন্দোলনের কারণে ৫০০ থেকে ৬০০ কারখানা বন্ধ থাকলেও এ ধরনের ঘোষণা দেওয়া হয়নি। অতীতে শ্রমিক আন্দোলন দমনে বুলেট ব্যবহারের ঘটনা ঘটেছে, এবার তার ব্যতিক্রম ছিল। এ ছাড়া শ্রমিকদের গণহারে চাকরিচ্যুতও করা হয়নি।

শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বাবুল আখতার বলেন, মজুরি বোর্ড গঠনের পরও অনেকে আন্দোলন করেছেন। কেউ কেউ অন্যের স্বার্থে আন্দোলন করছেন বলেও অভিযোগ করেন তিনি। এ কারণে শ্রমিক অসন্তোষ এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

তিনি আরও বলেন, মজুরি ঘোষণার পর কোনো সংগঠনের নামে আন্দোলন হলে এর দায় সংশ্লিষ্ট সংগঠনকে নিতে হবে। এর বাইরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে রাষ্ট্র আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

আন্দোলনে অংশ নেওয়া শ্রমিকদের ছাঁটাই বন্ধ, গ্রেফতার শ্রমিকদের মুক্তি, মামলা প্রত্যাহার এবং কাউকে হয়রানি না করার বিষয়ে সরকারের কাছে মজুরি বোর্ড সুপারিশ করবে বলেও জানান বাবুল আখতার।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।