home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, ‘ধাপ্পাবাজি’ বললেন শফিকুল আলম

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১৪:২১

Facebook
Twitter

১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, ‘ধাপ্পাবাজি’ বললেন শফিকুল আলম

বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য দিল্লি থেকে ঢাকায় আসতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে তার এই চাওয়াকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম একে ‘হাস্যকর’ ও ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে শফিকুল আলম এসব কথা জানান। তার মতে, ১৬ ডিসেম্বর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর আহ্বানের মধ্য দিয়ে ডিসেম্বরে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে।

শফিকুল আলমের ভাষ্য, শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ আবারও ভারতের কাছে তার প্রত্যর্পণের অনুরোধ জানাবে। তবে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শ্রীরাধা দত্তের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে না বলে তার ধারণা।

১৬ ডিসেম্বর তারিখটি বেছে নেওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছেন শফিকুল আলম। তার মতে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র দিন বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কেউ বিমান পাঠাবে না। এ কারণে তার এই আহ্বানকে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেন তিনি।

তার ধারণা, শেখ হাসিনার এই ঘোষণায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনৈতিক দলগুলোর জন্য পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেয়া সহজ হবে। কারণ, এখন ডিসেম্বরের একটি নির্দিষ্ট দিনকে সামনে রেখে তারা নিজেদের কর্মকৌশল সাজাতে পারবে। রাজনৈতিক দলগুলোও ওই দিন রাজপথে কর্মসূচি ও জনসমাগমের প্রস্তুতি নিতে পারবে।

আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বরজুড়ে আন্দোলনের গতি ধরে রাখা দলটির জন্য কঠিন হবে। তবে ১৫ ও ১৬ ডিসেম্বর রাজপথে বিক্ষোভ ও অস্থিতিশীল কর্মকাণ্ডের চেষ্টা হতে পারে বলে তার ধারণা। মাসের বাকি দিনগুলোতে দলটির তেমন তৎপরতা নাও থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান। ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন। এরপর তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ। তবে শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার এই চাওয়াকে ‘নজিরবিহীন’, ‘হাস্যকর’ ও ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামি দেশে ফিরতে সরকারের কাছে উড়োজাহাজ চাইছেন, বিষয়টি অত্যন্ত হাস্যকর। এটি তার উন্মাদনা ছাড়া আর কিছু নয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।