home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


প্রতিটি উপজেলায় হবে আইসিটি ল্যাব: মন্ত্রী স্বপন

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল কলম২৪.কম

আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:০০

Facebook
Twitter

প্রতিটি উপজেলায় হবে আইসিটি ল্যাব: মন্ত্রী স্বপন

দেশের তরুণ প্রজন্মকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার বড় ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান-প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।


তিনি বলেছেন, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে প্রতিটি উপজেলায় একটি করে আইসিটি ল্যাব স্থাপন করা হবে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেও সরকার কাজ করছে।


শুক্রবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রতিষ্ঠার ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবং পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী প্রজন্মকে এআইসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষ করে তুলতে পারলে তারা দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও নিজেদের অবস্থান তৈরি করতে পারবে। এ লক্ষ্যেই সরকার প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সুযোগ সম্প্রসারণে কাজ করছে।


তিনি বলেন, ফ্রিল্যান্সিংয়ের প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করা হবে। প্রতিটি উপজেলায় আইসিটি ল্যাব স্থাপনের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকেই তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে। প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে।


সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে মানুষের জীবনযাত্রা সহজ করাই সরকারের অন্যতম লক্ষ্য। সরকারি সেবা যাতে মানুষ ঘরে বসেই সহজে ও দ্রুত পেতে পারে, সে লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করা হচ্ছে।


এর আগে বিকেলে ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ধনবাড়ী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান, সহকারী পুলিশ সুপার আরিফুর রহমানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।