_copy7.webp)

শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া দুটি কারখানায় সোমবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি ও ৬ প্লাটুন আনসার সদস্য।
সোমবার (১৬ নভেম্বর) সকালে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, ক্রমাগত শ্রমিক অসন্তোষের কারণে শ্রম আইন অনুযায়ী ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কারখানা কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় সেগুলো খুলে দিতে পারে।
এদিকে সোমবার সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এ বি এম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। একপর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শিল্প পুলিশ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর জেরে বিভিন্ন এলাকায় কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং কোথাও কোথাও উৎপাদন বন্ধ রয়েছে।
৬৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান জানান, গাজীপুরে নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, শিল্পাঞ্চলে অন্যান্য বাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
গাজীপুরে ছোট-বড় মিলিয়ে ৫ হাজার ২০০টি কারখানা রয়েছে। এর মধ্যে তৈরি পোশাক কারখানার অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজারের বেশি। এসব কারখানার মধ্যে ৯০০টির বেশি রপ্তানিমুখী।
জাতীয় নিয়ে আরও পড়ুন




.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।