_copy7.webp)

পতিত আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়াম প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পরাজিত, পতিত ও পলাতক ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তি যত ষড়যন্ত্রই করুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। তাদের পুনরুত্থানের কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছে, তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন। যারা বাংলাদেশকে অন্য কোনো দেশের তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের সেই সুযোগ দেওয়া হবে না।’
শাহে আলম বলেন, ‘বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল ও মাথা উঁচু করে দাঁড়ানো রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।’
তিনি বলেন, ‘দু-একটি থানা পুড়িয়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগ ভেবেছে, আবারও ফ্যাসিবাদী শাসন কায়েম করবে। সেই স্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মানবিক ও দায়িত্বশীল বলেই ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এর অর্থ এই নয় যে, সরকার দুর্বল।’
তার দাবি, ‘গুম-খুন বিএনপির রাজনৈতিক ইতিহাসের অংশ নয়। বিগত অন্তর্র্বতী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, তাদের বর্তমান কর্মকাণ্ডেই সেই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণিত হচ্ছে।’
মীর শাহে আলম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের স্মৃতি অম্লান রাখতে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদ স্টেডিয়াম করা হয়েছে। একইসঙ্গে শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামেরও উদ্বোধন করা হয়েছে।’
জুলাই আন্দোলনের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদ। তার আত্মত্যাগ ও স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ আবু সাঈদ স্টেডিয়াম ও শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়ামের উদ্বোধন করা হলো। এই স্টেডিয়াম শুধু একটি ক্রীড়া স্থাপনা হিসেবে নয় বরং সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবেও পরিচিত হোক।’
উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তার দুই ভাইকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
রংপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এই স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের খেলাধুলা আয়োজনের উপযোগী পরিবেশ গড়ে তুলতে প্রয়োজনীয় উন্নয়ন কাজ করা হবে। রংপুরের উন্নয়নে ইতোমধ্যে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া রংপুরসহ বৃহত্তর উত্তরাঞ্চলের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘সারাদেশে অগ্নিসংযোগ বা সহিংসতা চলছে না। একটি নির্দিষ্ট জেলায় বিচ্ছিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটছে। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। তবে স্থানীয় বিএনপি রেজুলেশনের মাধ্যমে প্রার্থীকে সমর্থন দিতে পারবে। সে ক্ষেত্রে দলের সিদ্ধান্ত ও সমর্থনের বাইরে গিয়ে কেউ নির্বাচনে অংশ নিলে স্থানীয় বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।’
এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আনুষ্ঠানিকভাবে দুটি ক্রীড়া স্থাপনার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামছুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মু. মাহবুবুর রশিদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হক, বিএনপি নেতা এমদাদুল হক ভরসা, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজনীতি নিয়ে আরও পড়ুন

_copy1.webp&w=2048&q=75)



সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।