_copy7.webp)
_copy1.webp&w=2048&q=75)
দুর্গাপূজা উপলক্ষে ভারতে মুক্তি পেতে যাচ্ছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার ও প্রথম গান। দুটিই দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তবে সিনেমার প্রচারের চেয়ে দেব-শুভশ্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়েই বেশি আলোচনা হওয়ায় কিছুটা বিরক্ত অভিনেতা দেব।
সম্প্রতি কলকাতায় একটি স্যালোন উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি। দেব জানান, একসময় শুভশ্রীর সঙ্গে তার সম্পর্ক থাকলেও বর্তমানে তারা ভালো বন্ধু। কিন্তু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অতিরিক্ত আগ্রহের কারণে স্বাভাবিকভাবেও কথা বলতে কিংবা একসঙ্গে দেখা দিতে অস্বস্তি হয়।
দেব বলেন, ‘একসময় সম্পর্ক ছিল। এখন আমরা বন্ধু হয়েছি। তোমাদের সঙ্গে যেমন কথা বলি, ওর সঙ্গেও প্রকাশ্যে কথা বলতে ভয় লাগে। কে কীভাবে রিল বানাবে, সেটাই ভাবতে হয়। আমি কোনো অনুষ্ঠানে গিয়ে স্বাভাবিকভাবে ওকে আলিঙ্গন করলেও সেটি নিয়ে রিল তৈরি হচ্ছে। আমরা চাইলেও স্বাভাবিক হতে পারছি না।’
অভিনেতার দাবি, এ কারণেই ‘দেশু ৭’-এর প্রচারে তারা খুব বেশি একসঙ্গে বের হচ্ছেন না। কারণ সিনেমা নিয়ে কথা বলার বদলে প্রতিবারই তাদের সম্পর্ক, বিচ্ছেদ কিংবা ডিভোর্স প্রসঙ্গ সামনে চলে আসছে।
দেব বলেন, ‘আমরা প্রোমোশনেই বের হচ্ছি না। বের হলেই প্রশ্ন আসে ডিভোর্স, বিচ্ছেদ এসব নিয়ে। কেউ “দেশু ৭” নিয়ে আলোচনা করছে না। আমি প্রথমবার পরিচালনা করে যে ক্যানভাস তৈরি করেছি, সেটা নিয়েও কেউ কথা বলছে না। কবে শেষ কোনো বাংলা সিনেমার শুটিং লাদাখে হয়েছে, সেটাও কেউ বলছে না।’
বড় বাজেটের এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। টিজার প্রকাশের পর সিনেমাটির অ্যাকশন দৃশ্য দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে। পাশাপাশি দেব-শুভশ্রীর রোমান্টিক দৃশ্যও আলোচনায় এসেছে।
দেব জানান, দর্শকের দীর্ঘদিনের প্রত্যাশাকে মাথায় রেখেই ‘দেশু ৭’ তৈরি করা হয়েছে। শুধু শুভশ্রীকে নিয়ে স্বল্প সময়ের শুটিং করে একাধিক সিনেমা বানিয়ে দ্রুত ব্যবসা করার সুযোগ থাকলেও তিনি সে পথে হাঁটেননি।
এ প্রসঙ্গে দেব বলেন, ‘আমি যদি দেশু ৭-এর জায়গায় শুভশ্রীকে নিয়ে ১২-১৫ দিনের শুটিং করতাম, চারটে ছবি নামিয়ে দিতে পারতাম। প্রচুর টাকা কামিয়েও নিতে পারতাম। কারণ মানুষ মুখিয়ে আছে। প্রথম সপ্তাহে এমনিতেই হলে যাবে। কিন্তু সেটা না করে ধূমকেতু-র পর মানুষ দেব-শুভশ্রীকে যেভাবে দেখতে চেয়েছিল, সেটা নিয়ে গবেষণা করে, সেভাবেই লিখে দেশু ৭ তৈরি করা হয়েছে।’
দেবের প্রথম পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক ও লোকনাথ দে।
শোবিজ নিয়ে আরও পড়ুন
_copy1.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।