home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শবনম ফারিয়ার পছন্দের অভিনেত্রী কারা, জানালেন নিজেই

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১০ নভেম্বর ২০২৬, ২০:৫৫

Facebook
Twitter

শবনম ফারিয়ার পছন্দের অভিনেত্রী কারা, জানালেন নিজেই

দেশের বিনোদন অঙ্গনে অভিনয়ের চেয়ে অনেক সময় তারকাদের ব্যক্তিগত জীবন, পোশাক কিংবা বিলাসবহুল জীবনযাপন নিয়ে বেশি আলোচনা হয়। এতে প্রকৃত অভিনয়শিল্পীদের কাজ অনেকটাই আড়ালে থেকে যায় বলে মনে করেন অভিনেত্রী শবনম ফারিয়া। তার মতে, দেশের শোবিজে এখনো অনেক অভিনেত্রী রয়েছেন, যারা শুধু অভিনয় দিয়েই দর্শকের মন জয় করছেন। তবে তাদের নিয়ে আলোচনা তুলনামূলক কম।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন শবনম ফারিয়া। সেখানে তিনি দেশের কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করে তাদের অভিনয়দক্ষতা, ব্যক্তিত্ব ও কাজের প্রশংসা করেন।

পোস্টের শুরুতেই অভিনেত্রী জয়া আহসানের কথা উল্লেখ করেন ফারিয়া। জয়ার সৌন্দর্য, অভিনয় ও ব্যক্তিত্বের প্রশংসা করে তিনি লেখেন, অভিনয়ের বাইরে জয়ার রয়েছে পোষা প্রাণী, গাছপালা ও বাগানবাড়ি। পাশাপাশি তার ব্যাগ ও ঘড়ির সংগ্রহের প্রতিও নিজের ভালো লাগার কথা জানান ফারিয়া।

অভিনেত্রী সানজিদা প্রীতির অভিনয়েরও ভূয়সী প্রশংসা করেন তিনি। ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’ সিরিজের কথা উল্লেখ করে ফারিয়া জানান, ‘কলিংবেল’ নামের একটি সিরিজে ক্যারিয়ারের শুরুর দিকে দীর্ঘদিন সানজিদার সঙ্গে কাজের সুযোগ হয়েছিল তার। সানজিদাকে স্বল্পভাষী উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনের বাইরে তাকে খুব একটা কথা বলতে দেখেননি।

নিজের প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে মৌসুমী হামিদকে আলাদা জায়গায় রাখেন শবনম ফারিয়া। তার ভাষায়, মৌসুমীর অভিনয় দেখলে নিজেরও তার মতো অভিনয় করতে ইচ্ছা হয়। পাশাপাশি অভিনেত্রীর পরিশ্রম ও অভিনয়দক্ষতার প্রশংসা করে তাকে চঞ্চল ও হাসিখুশি মানুষ হিসেবেও উল্লেখ করেন তিনি।

নাজিয়া হক অর্ষার অভিনয় নিয়ে ফারিয়া লেখেন, অভিনয় শুধু সংলাপের ওপর নির্ভর করে না, এর জন্য আরও অনেক কিছু প্রয়োজন। অর্ষার চোখের অভিব্যক্তির বিশেষ প্রশংসা করে তিনি বলেন, সুবর্ণা আপার পর এই বিশেষ গুণটি তিনি আর কারও মধ্যে সেভাবে দেখেননি।

এ ছাড়া বিন্দু ও ঈশিতা আপুর প্রতিও নিজের ভালো লাগার কথা জানান ফারিয়া। বিন্দুর অভিনয়, সৌন্দর্য, ফিটনেস, কথা বলার ধরন ও ফ্যাশন সেন্সের প্রশংসা করেন তিনি। অন্যদিকে ছোটবেলা থেকেই ঈশিতার ভক্ত বলে জানান এই অভিনেত্রী।

পোস্টে আরও যেসব অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করেছেন শবনম ফারিয়া, তাদের মধ্যে রয়েছেন বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন জাহান, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষি।

সবশেষে দেশের বিনোদন অঙ্গনে তারকাদের নিয়ে আলোচনার ধরন নিয়েও আক্ষেপ প্রকাশ করেন ফারিয়া। তার মতে, অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন, পোশাকের দাম কিংবা বিদেশে কেনাকাটার মতো বিষয়গুলোই বেশি গুরুত্ব পায়। অথচ দেশের অনেক অভিনেত্রী রয়েছেন, যারা ভালো অভিনয়ের পাশাপাশি মার্জিত ব্যক্তিত্ব ও সুন্দরভাবে কথা বলার জন্যও প্রশংসার দাবিদার।

এসব বিষয় বাদ দিয়ে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে বেশি আলোচনা হওয়ায় প্রকৃত অভিনয়শিল্পীরা আড়ালে থেকে যাচ্ছেন বলে মনে করেন শবনম ফারিয়া।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।