ফ্যাশন জগতের অন্যতম পরিচিত ও জনপ্রিয় মডেল অনন্যা আফরিন। দীর্ঘদিন ধরেই মিডিয়া ও ফ্যাশন অঙ্গনে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। আত্মবিশ্বাসী উপস্থিতি, সাবলীল র্যাম্প ওয়াক ও স্টাইল স্টেটমেন্টের কারণে দর্শক ও ফ্যাশনপ্রেমীদের কাছে আলাদা করে নজর কাড়েন অনন্যা।
সম্প্রতি একটি ফ্যাশন অনুষ্ঠানে নিজের সৌন্দর্য ও জীবনদর্শন নিয়ে কথা বলেন এই মডেল। এ সময় অনন্যা আফরিন বলেন, ‘বাহ্যিক সৌন্দর্য সময়ের সঙ্গে বদলায়, কিন্তু মনের সৌন্দর্য সর্বক্ষণ থাকে। একজন মানুষকে সত্যিকারের সুন্দর করে তোলে তার মন, চিন্তাভাবনা আর ব্যবহার।’
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীতে অনুষ্ঠিত লাভ ফ্যাশন অনুষ্ঠানে র্যাম্পে হাঁটেন অনন্যা আফরিন। র্যাম্পে ওঠার সঙ্গে সঙ্গেই করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো ভেন্যু। তার সাবলীল হাঁটা, আত্মবিশ্বাসী ভঙ্গি ও এক্সপ্রেশনে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।
র্যাম্প পারফরম্যান্স শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অনন্যা আরও বলেন, ‘ফ্যাশন শুধু পোশাক নয়, এটি নিজের ব্যক্তিত্ব প্রকাশের একটি মাধ্যম। নিজের মধ্যে ইতিবাচকতা থাকলে সেটাই সবচেয়ে বড় সৌন্দর্য হয়ে ফুটে ওঠে।’
ফ্যাশন শোতে অনন্যার উপস্থিতি অনুষ্ঠানটিতে বাড়তি আকর্ষণ যোগ করে। আয়োজকরা জানান, দর্শকদের সাড়া ও প্রতিক্রিয়া প্রমাণ করে—ফ্যাশন জগতে অনন্যা আফরিন এখনো অন্যতম আস্থার নাম।
মন্তব্য করুন