_copy7.webp)

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে গাজীপুরে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক সিফাত গাছা শাখার ‘ইনকিলাব মঞ্চ’-এর সদস্য।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নেওয়া হয়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন সিফাত। ওই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি পুলিশের নজরে এলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিফাতকে আটকের খবর ছড়িয়ে পড়লে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুবশক্তির আহ্বায়ক ও সিনিয়র মুখ্য সংগঠকের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা থানায় অবস্থান নেন। তারা সিফাতকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এরপর স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও থানার সামনে অবস্থান নেন। এ সময় এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রাত ৯টার দিকে তাকে থানায় আনা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মামলা দায়েরের পর অভিযোগের বিষয়ে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।