_copy7.webp)

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এখন পর্যন্ত জননিরাপত্তা বিঘ্নিত হয়েছে। খুন, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ অপরাধমূলক কার্যক্রম আরও বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এখন শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী নন-তিনি সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী। এ বিষয়ে আমরা সংসদে কথা বলেছি, সংসদের বাইরেও কথা বলেছি এবং পরিসংখ্যান দিয়ে দেখিয়েছি যে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এই আমলে কী পরিমাণ জননিরাপত্তা বিঘ্নিত হয়েছে এবং খুন, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।
তিনি আরও বলেন, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় বারবার বলে এসেছে যে, নির্বাচনি সরকার এলেই আইনশৃঙ্খলা পরিবেশ ঠিক হবে; কিন্তু আমরা দেখলাম আইনশৃঙ্খলা পরিবেশ আরও খারাপ হয়েছে। আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক হওয়ার বড় একটা অন্তরায় বিএনপি নিজেই। তাদের দলীয় কোন্দল, অন্তঃকোন্দল, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্বের কারণে প্রশাসন একপ্রকার নিরুপায় বিএনপির কাছে। বিএনপি কুক্ষিগত করে ফেলেছে। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে না, এতে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।
এনসিপির আহ্বায়ক আরও বলেন, যে গণতন্ত্রের অঙ্গীকার নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, তারা পুরোনো কায়দায় এবং ফ্যাসিবাদের মতো কর্তৃত্ববাদীর কায়দায় দেশ পরিচালনা করছে।
তিনি বলেন, সরকার রাষ্ট্রীয়ভাবে যে দমন-পীড়নের নীতি গ্রহণ করেছে, তাতে শ্রমিক আন্দোলন ঠেকানো সম্ভব হবে না। তিনি অনতিবিলম্বে শ্রমিকদের দাবি মেনে নিয়ে শ্রমিকদের আস্থায় নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন করার এবং পোশাক শিল্পকে টিকিয়ে রাখার আহ্বান জানান।
রাজনীতি নিয়ে আরও পড়ুন


_copy1.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।