home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ করে দিচ্ছে বিরোধী দল: ইশরাক

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৬ নভেম্বর ২০২৬, ১০:২৫

Facebook
Twitter

ফ্যাসিবাদের পুনরুত্থানের সুযোগ করে দিচ্ছে বিরোধী দল: ইশরাক

শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক বিরোধী পক্ষগুলো ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য প্রকৌশলী ও সংসদ সদস্য ইশরাক হোসেন।

তিনি অভিযোগ করেন, বিরোধী দলগুলোর রাজনৈতিক অসততার কারণে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ তৈরি হচ্ছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক স্মরণসভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের উদ্যোগে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বক্তব্যে প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, পোশাক খাতের শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা ছদ্মবেশে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

শ্রমিকদের সব দাবি-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমাদের সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের অধিকার আদায়ে সবচেয়ে বড় অভিভাবক। গঠিত মজুরি বোর্ড দ্রুততম সময়ে সব দাবি বাস্তবায়নে কাজ করছে।

বিরোধী দলগুলোর উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে বিএনপির এই তরুণ নেতা বলেন, বিএনপি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তবে বিরোধী পক্ষগুলোও নিশ্চিহ্ন হয়ে যাবে। ১৭ বছর লড়াই করে বিএনপি টিকেই রয়েছে। আপনারা যদি গাছের গোড়ায় কাটেন, তবে আপনাদের পাতাও ঝরে পড়ে যাবে।

ফ্যাসিবাদের উসকানিতে তাল মেলানো বন্ধের আহ্বান জানিয়ে সংসদ সদস্য বলেন, আপনারা লংমার্চ বা যেকোনো শান্তিপূর্ণ কর্মসূচি করতেই পারেন। কিন্তু আন্দোলনের নামে যদি পতিত ফ্যাসিবাদীদের উসকানি দেওয়া হয়, তবে জনগণ আপনাদের সেই বেইমানি মেনে নেবে না।

অনুষ্ঠানে বিএনপি এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি পাড়ায়-পাড়ায় ও ওয়ার্ডে-ওয়ার্ডে সুসংগঠিত থেকে ফ্যাসিবাদের যেকোনো পুনরুত্থানের চক্রান্ত কঠোর হস্তে প্রতিরোধের আহ্বান জানানো হয়।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এমপি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ওলামা দলের আহ্বায়ক মুফতি মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মুহাম্মদ মনির হোসেন (মনির চেয়ারম্যান), ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।