home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ নিশ্চিত করতে হবে: মুফতি রেজাউল করীম

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১১ নভেম্বর ২০২৬, ১০:০৮

Facebook
Twitter

স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ নিশ্চিত করতে হবে: মুফতি রেজাউল করীম

সংস্কারে গড়িমসি ও বিচারে স্থবিরতার কারণেই পরাজিত শক্তির আস্ফালন লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান জাতির জীবনে এক অনন্য ঘটনা। একরাশ প্রত্যাশা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল। তাদের প্রধান প্রত্যাশা ছিল স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করা। কিন্তু সংস্কারে গড়িমসি ও বিচারে স্থবিরতার কারণে পরাজিত শক্তির আস্ফালন দেখা যাচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে ইসলামী আইনজীবী পরিষদ আয়োজিত সুপ্রিম কোর্টের নবীন আইনজীবীদের সংবর্ধনা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে ২০২৬ ব্যাচে নবতালিকাভুক্ত আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ন্যায়বিচার, সাম্য, মানবিক মর্যাদা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য আইনের শাসন নিশ্চিত করতে শরিয়াহর ন্যায়নীতি ও আদর্শ অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্র ও সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠার জন্য ন্যায়বিচার নিশ্চিত করা এবং মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করা অপরিহার্য। শরিয়াহর মূল শিক্ষা হচ্ছে ন্যায়, ইনসাফ, মানবকল্যাণ ও অন্যায়ের প্রতিরোধ। শরিয়াহর অনুপস্থিতির কারণেই দেশে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি আসছে না।

শরিয়াহ আইন ও নীতির প্রয়োজনীয়তা তুলে ধরে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিষয়ে দলটির আমির বলেন, শরিয়াহ কেবল কিছু বিধিবিধানের সমষ্টি নয়; এর মৌলিক দর্শনের সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের অধিকার সংরক্ষণ, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, সামাজিক সাম্য ও কল্যাণ। রাষ্ট্র ও সমাজ পরিচালনায় অন্যায়, অবিচার, দুর্নীতি ও বৈষম্য দূর করতে হলে নৈতিকতা ও ইনসাফকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সেমিনারে আইনের শাসন প্রতিষ্ঠা, শরিয়াহর ন্যায়নীতি, বিচারব্যবস্থার নিরপেক্ষতা এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আতিয়ার রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আতিয়ার রহমান সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেন, সৌদি আরবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান ওলিউল্লাহ।

ইসলামী আইনজীবী পরিষদের সেক্রেটারি অ্যাডভোকেট হানিফ মিয়ার সঞ্চালনায় আলোচকেরা তাদের বক্তব্যে বলেন, এ সেমিনার আইনজীবী সমাজে ন্যায়বিচার, সাম্য, মানবিক মূল্যবোধ ও পেশাগত দায়িত্ববোধ জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে আইনের শাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিষয়ে নতুন প্রজন্মের আইনজীবীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে।

আইন পেশায় নতুনভাবে যুক্ত হওয়া আইনজীবীদের জন্য এ আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা ধরে রাখতে আইনজীবীদের সততা, পেশাগত দক্ষতা, নৈতিকতা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নবীন আইনজীবীরা যেন আইনের মর্যাদা সমুন্নত রেখে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন, সে বিষয়ে অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেমিনার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, সদস্যসচিব অ্যাডভোকেট বায়েজীদ হোসাইনসহ নবীন ও প্রবীণ আইনজীবীরা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।