home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


‘যাত্রা বিরতি’তে মোশাররফ করিম ও শিমু, থাকছেন দীঘি

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১৭:২৭

Facebook
Twitter

‘যাত্রা বিরতি’তে মোশাররফ করিম ও শিমু, থাকছেন দীঘি

গত ঈদুল ফিতরে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দিয়ে বাজিমাত করেছিলেন মোশাররফ করিম। তার তুখোড় অভিনয় সিনেমাটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। আসছে রোজার ঈদেও নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় থাকবেন এই নন্দিত অভিনেতা।

এবারের সিনেমা ‘যাত্রা বিরতি’। নির্মাণে কাজী আসাদ। সিনেমাটিতে মোশাররফ করিমের সঙ্গে থাকছেন সুমাইয়া শিমু। একসময় নাটকের দারুণ সফল জুটি তারা। এছাড়াও থাকছেন প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, রাকিব হোসেন ইভন, ইউসুফ হাসান অর্ক, রুদ্র রয়সহ আরো অনেকে। ‘যাত্রা বিরতি’ প্রযোজনা করছে চরকি। সম্প্রতি নির্মাতা ও শিল্পীদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। এরইমধ্যে সিনেমার টিম চলে গেছে কুয়াকাটায়। সেখানে চলছে শুটিং।

মোশাররফ করিম ও সুমাইয়া শিমু জুটিকে অনেকদিন একসঙ্গে দেখা যায়নি। তারা ফিরছেন, তাও আবার বড় পর্দায়। তাই দর্শকের জন্য সিনেমাটি বিশেষ কিছুই হতে যাচ্ছে, জানালেন নির্মাতা। নির্মাতা কাজী আসাদ বলেন, ‘উৎসবে আমরা সবাই একসঙ্গে থাকতে পছন্দ করি। চেষ্টা করি বন্ধু–স্বজনদের নিয়ে সময় কাটানোর। আমাদের গল্পটাও যেহেতু সেরকমই, তাই মনে হয়েছে এটা ঈদে মুক্তির জন্য উপযুক্ত।’ এর আগে নির্মাতা কাজী আসাদ ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মাণ করেছেন সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ এবং ফিল্ম ‘লাইফলাইন’। ‘যাত্রা বিরতি’র মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দার জন্য চলচ্চিত্র নির্মাণ করছেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার সিনেমায় অভিনয় করছেন সুমাইয়া শিমু। সিনেমায় নিজের অভিষেকের জন্য ‘যাত্রা বিরতি’-কেই কেন উপযুক্ত মনে করলেন? শিমু বলেন, 'স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে, আমার চরিত্রটাও সুন্দর। কিন্তু তারপরও কাজটি করার ব্যাপারে আমি একটু দোটানায় ছিলাম। পরে সহশিল্পী এবং প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে যুক্ত হয়ে গেলাম। আশা করছি দর্শকরা পর্দায় আমাদের পুরো পরিবারকে দেখে নিজেদেরকেই খুঁজে পাবেন।'

কাজী আসাদের পরিচালনায় এর আগে ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাই একরকম বোঝাপড়া আগে থেকেই ছিল। সিনেমাটি করার ব্যাপারে তাই খুব বেশি চিন্তা করতে হয়নি তার। অভিনেতা বলেন, ‘সুমাইয়া শিমু এবং আমি অনেকদিন পর একসঙ্গে অভিনয় করছি, এটা একরকম ভালোলাগার। গল্পটাও খুব সুন্দর। কাজটা ঠিকমতো করতে পারলে দর্শকরাও পছন্দ করবেন আশা করি। আমার কাছে এখন কাজটা ঠিকমতো করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

একটু চিন্তায় আছেন প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় সুমাইয়া শিমু এবং দিলার জামানের সঙ্গে কাজ করলেও মোশাররফ করিমের সঙ্গে কাজ করেননি কখনও। দীঘি বলেন, ‘মোশাররফ করিম আঙ্কেলের সামনে দাঁড়িয়ে কীভাবে সংলাপ বলব, সেটা নিয়ে একটু চিন্তায় আছি। তিনি আমার খুবই পছন্দের। ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার সঙ্গে একটু রিহার্সেল করে নিলে আশা করি ঠিক হয়ে যাবে। সিনেমার গল্পটা খুবই সুন্দর এবং আমি এক্সাইটেড।’

বাংলা চলচ্চিত্রের নতুন জোয়ারে চরকি ইতিমধ্যেই জনপ্রিয় দর্শকনন্দিত অনেকগুলো সিনেমা প্রযোজনা করেছে, এবার ‘চরকি সিনেমা ইনিশিয়াটিভ’ হিসেবে নতুন করে সিনেমা হলের জন্য প্রযোজনা করছে চরকি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “আমরা সিনেমা হলের দর্শকদের জন্য গত কয়েক বছর অনেকগুলো দর্শকনন্দিত সিনেমা উপহার দিয়ে এসেছি। প্রেক্ষাগৃহের উপচে পড়া ভিড় আর দর্শকের উচ্ছ্বাস আমাদের নতুন এই প্রকল্পে উৎসাহী করেছে। ‘যাত্রা বিরতি’ সেই প্রকল্পেরই অংশ।”



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।