home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নতুন স্বপ্ন নিয়ে পথচলা শুরু ফারিয়ার

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৪ নভেম্বর ২০২৬, ০৯:৫২

Facebook
Twitter

নতুন স্বপ্ন নিয়ে পথচলা শুরু ফারিয়ার

অভিনয় ও সংগীতের পাশাপাশি এবার ডিজিটাল দুনিয়ায় নতুন যাত্রা শুরু করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নিজের নামে ইউটিউব চ্যানেল খুলেছেন এই অভিনেত্রী। সেখানে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত, দৈনন্দিন কর্মকাণ্ডের পাশাপাশি প্রকাশ করবেন নিজের নতুন গানও।

সম্প্রতি ইনস্টাগ্রামে অনুসারীদের কাছে একটি প্রশ্ন রেখেছিলেন ফারিয়া। জানতে চেয়েছিলেন, তার প্রতিদিনের জীবনযাপন নিয়ে ব্লগ দেখতে আগ্রহী কি না ভক্তরা। উত্তরে প্রায় ৯৯ শতাংশ অনুসারী ইতিবাচক সাড়া দেন। ভক্তদের এই আগ্রহ থেকেই ইউটিউব চ্যানেল চালুর সিদ্ধান্ত নেন তিনি।

ইউটিউবে নতুন যাত্রা প্রসঙ্গে ফারিয়া জানান, মিডিয়ার চাকচিক্যের বাইরে তার সাধারণ জীবনযাপনও দর্শকদের সামনে তুলে ধরতে চান। পাশাপাশি নিয়মিত গান করছেন তিনি। তাই ভবিষ্যতে নিজের গানগুলোও এই চ্যানেলে প্রকাশের পরিকল্পনা রয়েছে তার। অর্থাৎ অভিনয়ের বাইরে সংগীত ও ব্যক্তিগত জীবনের গল্প নিয়েও দর্শকদের সঙ্গে যুক্ত থাকতে চান এই তারকা।

এদিকে চলচ্চিত্রের কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। বর্তমানে এম এইচ খোকন পরিচালিত ‘লজ্জা’ সিনেমার শুটিং করছেন তিনি। সিনেমাটির প্রথম পর্বের শুটিং শেষ হয়েছে। আগামী ২৫ নভেম্বর থেকে আবারও শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এতে পুলিশ কর্মকর্তা কিংবা কমান্ডো ঘরানার চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যেতে পারে তাকে। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।

এ ছাড়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র কাজ শেষ করেছেন ফারিয়া। আইস্ক্রিনের জন্য নির্মিত এই সিনেমার প্রচারমূলক গানের শুটিংয়ের প্রস্তুতি চলছে। গানটির কাজ শেষ হলে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

ফারিয়া জানান, ছবিটির শুটিং বেশ আগেই শেষ হয়েছে। আশা করছেন, শিগগিরই এটি মুক্তি পাবে। এই সিনেমায় দর্শকরা তার অভিনয়ের ভিন্ন একটি দিক দেখতে পাবেন বলেও প্রত্যাশা করছেন তিনি। অন্যদিকে অনম বিশ্বাস পরিচালিত ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের গৌরবগাথা নিয়ে এই সিনেমাটি নির্মিত হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে ফারিয়াকে দেখা যাবে ভিন্ন চরিত্রে। তার সঙ্গে রয়েছেন আরিফিন শুভ, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আজাদ আবুল কালাম ও শতাব্দী ওয়াদুদসহ আরও অনেকে।

সব মিলিয়ে অভিনয়, সংগীত ও ইউটিউব— তিন মাধ্যমেই নিজের উপস্থিতি আরও বিস্তৃত করতে চাইছেন নুসরাত ফারিয়া। নতুন এই উদ্যোগে ভক্তদের কাছ থেকে কেমন সাড়া পান, এখন সেটিই দেখার বিষয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।