.webp)
.webp&w=2048&q=75)
ঠিক তিন বছর আগের কথা। চূর্ণী গাঙ্গুলী, জয়া আহসান এবং কৌশিক সেনের ত্রিমুখী সম্পর্কের টানাপোড়েন, মনস্তাত্ত্বিক যুদ্ধ আর এক ছাদের নিচে প্রাক্তন ও বর্তমান স্ত্রীর সংসারের গল্প নিয়ে ওপার বাংলার বক্স অফিস কাঁপিয়েছিল ‘অর্ধাঙ্গিনী’।
কৌশিক গাঙ্গুলী নির্মিত সেই সিনেমা দুই বাংলার দর্শকদের মনে কেটেছিল এক গভীর দাগ। এবার সেই রেশ ধরেই, সম্পর্কের জটিলতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এর বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’।
ছবিটির মুক্তি উপলক্ষে কলকাতার ঐতিহ্যবাহী তাজ বেঙ্গলে এক জমজমাট আড্ডায় বসেছিলেন পরিচালক কৌশিক গাঙ্গুলী এবং ছবির তিন প্রধান তারকা জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলী ও কৌশিক সেন। সেখানে তারা জানালেন ছবিটির পেছনের গল্প এবং চরিত্রগুলোর মানসিক বিবর্তনের নানা অজানা কথা।
আগের পর্বে বাংলাদেশের মেয়ে ‘মেঘনা’ অর্থাৎ জয়া কলকাতার বুকে এসে নিজেকে মানিয়ে নেওয়ার লড়াই চালিয়েছিল। কিন্তু এবারের গল্পে মেঘনা অনেক বেশি পরিপক্ক। পরিচালক কৌশিক গাঙ্গুলী কিছুটা রসিকতা করেই বলেছেন, ‘এবার আমরা মেঘনাকে একটু কড়া ডোজ দিয়েছি, ঠিক যেন দেড়খানা ট্যাবলেট বেশি! আগের ছবিতে সুমনের চরিত্রটি বিছানায় অচল ছিল, এবার তার হাতে এসেছে একটি লাঠি। আর এই লাঠিটিই গল্পে আরেকটি রহস্যময় চরিত্র হয়ে উঠেছে।’
নিজের চরিত্র প্রসঙ্গে জয়া আহসান বলেছেন, “আমাদের সমাজে শেখানো হয় যে দুই নারী বা প্রাক্তন ও বর্তমান কখনো বন্ধু হতে পারে না। কিন্তু মেঘনা ও শুভ্রার সম্পর্ক সেই পুরুষতান্ত্রিক কন্ডিশনিংকে বুড়ো আঙুল দেখায়। জীবন তো শুধু সাদা-কালো নয়, এর মাঝে অনেক ধূসর জায়গা থাকে। ‘আজো অর্ধাঙ্গিনী’তে মেঘনার মনস্তাত্ত্বিক জার্নি দর্শকদের এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে।”
কৌশিক গাঙ্গুলীর ছবিতে তার স্ত্রী চূর্ণী গাঙ্গুলী এবং ছেলে উজান গাঙ্গুলী চিত্রনাট্য নিয়ে ওতপ্রোতভাবে জড়িত থাকেন। টলিউডে একে ‘পারিবারিক নেপোটিজম’ বলে কটাক্ষ করা হলেও কৌশিক সেনের মতে, সিনেমা ভীষণ ব্যক্তিগত একটি মাধ্যম, তাই চেনা মানুষদের সাথে ক্রিয়েটিভ ব্রেনস্টর্মিং করাটাই স্বাভাবিক।
পরিচালক কৌশিক গাঙ্গুলী হাসতে হাসতে জানান, “কোনো বড় প্রযোজকের সামনে স্ক্রিপ্ট পড়ার চেয়ে আমার বাড়ির গোলটেবিলে স্ত্রী আর ছেলের সামনে গল্প শোনানো অনেক বেশি ভীতিজনক! আমি গল্প বলার পর চূর্ণী যখন গম্ভীর মুখে পেন হাতে নিয়ে বলে ‘অলমোস্ট দেয়ার’ অর্থাৎ পুরোপুরি জমেনি, তখন বুকটা কেঁপে ওঠে। তবে এই কঠোর সমালোচনাই চিত্রনাট্যটিকে নিখুঁত করতে সাহায্য করে।”
টলিউডের শক্তিমান অভিনেতা কৌশিক সেন এবার পর্দায় হাজির হচ্ছেন হাতে লাঠি নিয়ে। তিনি জানান, এই লাঠিটি তিনি কেবল শারীরিক ভরসা হিসেবে নয়, বরং সুমনের ভেতরের মানসিক দ্বন্দ্বের একটি মনস্তাত্ত্বিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। কৌশিক গাঙ্গুলী যোগ করেন, ‘ও যখন লাঠি নিয়ে সিঁড়ি দিয়ে নামবে, দর্শকদের মনে হবে যেন একটা ঘড়ির কাঁটা টিকটিক করে বাজছে।’
আজ থেকে প্রেক্ষাগৃহে শুরু হচ্ছে শুভ্রা, মেঘনা আর সুমনের জীবনের নতুন অধ্যায়। সম্পর্কের চিরচেনা ছক ভেঙে, অতীত আর বর্তমানের মেলবন্ধনে ২০২৬ সালের এই আধুনিক সময়ে দাঁড়িয়ে ‘আজো অর্ধাঙ্গিনী’ দর্শকদের কতটা আবেগপ্রবণ করে তোলে, সেটাই এখন দেখার অপেক্ষা!
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
নূর জাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।