home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নকভির কাছ থেকে ট্রফি না নেওয়া নিয়ে যা বলল ভারতীয় নারী দল

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫২

Facebook
Twitter

নকভির কাছ থেকে ট্রফি না নেওয়া নিয়ে যা বলল ভারতীয় নারী দল

এশিয়া কাপের ট্রফি বিতর্ক যেন থামছেই না। টানা দ্বিতীয় বছর ফাইনালের পর ট্রফি নিতে গিয়ে তৈরি হলো নতুন নাটক। রোববার শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে মাঠে আসেনি ভারতীয় দল।

ফাইনাল শেষে ভারতীয় দলের প্রধান কোচ অমোল মুজুমদার বলেন, ট্রফি নেওয়া বা না নেওয়ার বিষয়টি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত। তিনি বলেন, ভারত আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের চ্যাম্পিয়ন। ট্রফি থাকল কি থাকল না, সেটি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।

মুজুমদারের ভাষায়, ‘এটি বিসিসিআইয়ের সিদ্ধান্ত। নকভির কাছ থেকে ট্রফি না নেওয়ার বিষয়ে আমরা এর বেশি কিছু বলতে পারি না।’

এর আগে গত বছরও এশিয়া কাপের পুরস্কার বিতরণীতে একই ধরনের ঘটনা ঘটেছিল। ভারতের পুরুষ ক্রিকেট দলও নকভির কাছ থেকে ট্রফি ও পদক গ্রহণ করেনি। পরে ভারতীয় দলকে দেওয়া এশিয়া কাপের ট্রফিটি এসিসির কার্যালয়ে রাখা হয়। যদিও সেবার সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল ট্রফি ছাড়াই মঞ্চে উঠে নিজেদের মতো করে উদযাপন করেছিল।

এবার অবশ্য ভারতীয় নারী দলের আচরণ ছিল আরও কঠোর। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দলের নন্দিনী শর্মাকে ‘সেরা ফিল্ডার’ পদক দেওয়ার পরও ভারতীয় দলের খেলোয়াড়রা মাঠে ফিরে আসেননি।

অন্যদিকে শ্রীলঙ্কার দল রানার্সআপের অর্থ পুরস্কার নকভির কাছ থেকে গ্রহণ করেছে। এর আগে শ্রীলঙ্কা ক্রিকেটের অন্তর্বর্তীকালীন প্রধান এরান উইক্রামারত্নে দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের পদক তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুর হাতে পুরস্কার তুলে দেওয়ার পরপরই স্টেডিয়াম ছেড়ে চলে যান নকভি। তবে গত বছরের মতো এবার ট্রফিটি সঙ্গে নিয়ে তাকে বের হতে দেখা যায়নি।

ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। গত বছরের পাহেলগাম হামলা এবং পরবর্তী ‘অপারেশন সিঁদুর’-এর পর দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে যায়।

এর প্রভাব ক্রিকেটেও পড়েছে। এশিয়া কাপ বা আইসিসির বৈশ্বিক আসরে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে এখন হাত না মেলানোর অলিখিত নিয়মও দেখা যাচ্ছে। নারী এশিয়া কাপের ফাইনালের পুরস্কার বিতরণীর ঘটনাও সেই উত্তেজনাপূর্ণ সম্পর্কেরই আরেকটি প্রতিফলন হিসেবে সামনে এসেছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।