বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন একটা মানব দরদী সমাজ গড়তে চাই, যেখানে সবাই সবাইকে ভালবাসবে। সে পরিচিত হোক বা অপরিচিত হোক। মহান আল্লাহকে ভয় করলেই এই সমাজ গড়া সম্ভব, অন্য কোনভাবে সম্ভব নয়।
তিনি বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাত ধরে সেই সমাজ ও মানুষ তৈরি হোক। রোজা যেন আমাদের জন্য ধ্বংস হয়ে না আসে, বরং রহমত হয়ে থাকে-সেই দোয়া করেন তিনি।
সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আ ন ম শামুসল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
জামায়াত আমির বলেন, আজকে সমাজে মালিক-শ্রমিক সংঘাত দেখা যায়। এটা হওয়া উচিত নয়। মালিক আছে বলেই শ্রমিক কাজের সুযোগ পায়, আবার শ্রমিক আছে বলেই মালিকরা শিল্প প্রতিষ্ঠান চালাতে পারে। একজন আরেকজনের সম্পূরক-পরিপূরক। উভয়পক্ষের কল্যাণের জন্য তিনি মালিক-শ্রমিকদের মাঝে যথাযথ সম্পর্ক বজায় রাখার আহবান জানান। তাহলে ভ্রাতৃত্বের একটি সমাজ প্রতিষ্ঠিত হবে বলেও তিনি প্রত্যাশা করেন।
মন্তব্য করুন