এই খবরটি পড়া হয়েছে: 323 বার
ছেলে নিল বাবার প্রাণ, তাও আবার কুপিয়ে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের তাড়াইলে। ছেলে ও ছেলের বউয়ের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে পাষণ্ড ছেলের দায়ের কোপে বাবা আব্দুল কাদির (৪৮) নিহত হন। তিনি উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের বান্দুলদিয়া গ্রামের কালু মোল্লার ছেলে। বুধবার (৮ জুন) দিবাগত রাতে বান্দুলদিয়া গ্রামে ঘটনার পরপরই পুলিশ ঘাতক ছেলে মো. সোহেল (২২) কে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৮ জুন) দিবাগত রাত ১টার দিকে সোহেল ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জের ধরে ঝগড়া হয়। ঝগড়ার বিষয়টি শুনে তার বাবা আব্দুল কাদির ও মা চম্পা আক্তার এগিয়ে যান। গভীর রাতে বউয়ের সঙ্গে ঝগড়া করায় ছেলে সোহেলকে বকাঝকা করেন আব্দুল কাদির। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল ঘরে থাকা দা দিয়ে বাবা আব্দুল কাদিরকে কোপানো শুরু করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আব্দুল কাদির। স্থানীয়রা কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাড়াইল থানার ওসি মো. জয়নাল আবেদীন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী চম্পা আক্তার বাদী হয়ে ছেলে মো. সোহেলকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
Comments
comments