শহীদ ওসমান হাদীকে যারা খুন করেছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
সোমবার (৯ মার্চ) বিকেলে শহীদ হাদী চত্বরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ভারতে গ্রেফতার হওয়া শহীদ ওসমান হাদী হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দেশে ফিরিয়ে এনে জিজ্ঞাসাবাদ এবং হত্যার নির্দেশদাতাদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যাকাণ্ডের পেছনে যারা পরিকল্পনা করেছে, যারা এতে সহায়তা করেছে—তাদের সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। এর বাইরে তাদের আর কোনো দাবি নেই বলেও উল্লেখ করেন তিনি।
ইনকিলাব মঞ্চের কার্যক্রম কেউ থামাতে পারবে না উল্লেখ করে জাবের বলেন, “আপনারা যদি পারেন, ইনকিলাব মঞ্চের এই যাত্রা থামিয়ে দেখান। ইনকিলাব মঞ্চ আগে যে ভূমিকা পালন করেছে, তার চেয়ে শতগুণ বেশি শক্তি ও সাহস নিয়ে রাজপথে দায়িত্ব পালন করবে।”
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন